শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● টানা ৩০ দিন সকালের নাশতায় চা-বিস্কুট খেলে শরীরে হতে পারে যে ক্ষতি      ● অন্তত ১০ জনকে ‘হ্যালো’ বলার দিন আজ      ● অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর      ● ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ২ কর্মী গ্রেপ্তার      ● ঢাকার ধানমন্ডিতে ফ্ল্যাটে আগুন, মা-ছেলের মৃত্যু      ● ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ২৯৯ জন গ্রেপ্তার      ● ইরাকে বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিহত ৪      ● জাপানে ভারী তুষারপাতে আটকা ১৫০০ মানুষ, বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকশ পরিবার      ● ২০২৪ সালে দেশের স্বাধীনতা রক্ষা করেছে জনগণ : প্রধানমন্ত্রী      ● ঠাকুরগাঁওয়ে কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা      ● পাবনা-ঢাকা ট্রেনের যাত্রার শুরুতেই সফলতা      ● মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপের চেষ্টা, যুবক আটক      
টানা ৩০ দিন সকালের নাশতায় চা-বিস্কুট খেলে শরীরে হতে পারে যে ক্ষতি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সকালে ঘুম থেকে উঠে কর্মস্থলে যাওয়ার তাড়া। হাতে সময় কম থাকায় অনেকেই ঠিকমতো নাশতা করার সুযোগ পান না। কেউ নাশতা না করেই বেরিয়ে পড়েন, আবার কেউ এক কাপ চা আর দু-একটি বিস্কুট খেয়েই সকালের খাবার শেষ করেন। কারও কারও কাছে প্রতিদিনের নাশতা বলতে এটুকুই।

কিন্তু দিনের পর দিন সকালের খাবার হিসেবে শুধু চা-বিস্কুট খেলে শরীরে কী প্রভাব পড়ে, তা কি জানেন? পুষ্টিবিদদের মতে, টানা ৩০ দিন এমন অভ্যাস বজায় রাখলে শরীরে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে। পাশাপাশি রক্তে শর্করার মাত্রা ও শরীরের বিপাকীয় কার্যক্রমেও প্রভাব পড়তে পারে।

চা-বিস্কুটে কেন মেটে না সকালের খাবারের চাহিদা?
এক কাপ চা ও কয়েকটি বিস্কুট কখনোই সুষম নাশতার বিকল্প হতে পারে না। চায়ে থাকে ক্যাফেইন ও চিনি। অন্যদিকে, সাধারণ বিস্কুট তৈরি হয় ময়দা, চিনি ও তেল দিয়ে। এসব খাবার থেকে শরীর কিছু ক্যালরি পেলেও প্রয়োজনীয় প্রোটিন, আঁশ ও অন্যান্য পুষ্টি উপাদান পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না।

ফলে দিনের শুরুতেই শরীর প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হতে পারে। নিয়মিত এমন খাবার খাওয়ার অভ্যাস শরীরের স্বাভাবিক কার্যক্রমেও প্রভাব ফেলতে পারে।

রক্তে শর্করা ও ইনসুলিনে কী প্রভাব পড়ে?
চা-বিস্কুটে পরিশোধিত শর্করা ও চিনির পরিমাণ বেশি থাকতে পারে। কিন্তু প্রোটিন ও আঁশের পরিমাণ তুলনামূলক কম। ফলে সকালের নাশতায় শুধু চা-বিস্কুট খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে।

একটানা এমন খাবার খাওয়ার অভ্যাস শরীরের বিপাকীয় কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দীর্ঘদিন অতিরিক্ত চিনি ও পরিশোধিত শর্করা গ্রহণ করলে ইনসুলিনের কার্যকারিতা কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। এতে ভবিষ্যতে ইনসুলিন প্রতিরোধ এবং টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে।

কিছুক্ষণ পরই কেন আসে ক্লান্তি?
চা-বিস্কুট খাওয়ার পর সাময়িকভাবে শরীরে শক্তি অনুভূত হতে পারে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্লান্তি দেখা দিতে পারে। কারণ, এসব খাবারে পর্যাপ্ত প্রোটিন ও আঁশ না থাকায় দীর্ঘ সময় পেট ভরা থাকে না এবং শরীরও প্রয়োজনীয় শক্তি পায় না।

এর প্রভাবে কাজে মনোযোগ কমে যেতে পারে। পাশাপাশি মেজাজ খিটখিটে হওয়া ও দুর্বলতা অনুভব করার মতো সমস্যাও দেখা দিতে পারে।

চা-বিস্কুট খেলে কোন কোন পুষ্টির ঘাটতি হতে পারে?
সকালের নাশতায় শুধু চা-বিস্কুট খেলে শরীর মূলত চিনি, পরিশোধিত শর্করা ও বিস্কুটে থাকা চর্বি থেকে ক্যালরি পায়। কিন্তু প্রয়োজনীয় প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, আঁশ, ভিটামিন ও খনিজ উপাদানের চাহিদা পূরণ হয় না।

প্রোটিনের ঘাটতি: পর্যাপ্ত প্রোটিন না পেলে পেশির স্বাভাবিক গঠন ও রক্ষণাবেক্ষণ ব্যাহত হতে পারে। দীর্ঘদিন ঘাটতি থাকলে পেশির ক্ষয়ও বাড়তে পারে।

আঁশের অভাব: খাবারে আঁশ কম থাকলে হজমের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে কোষ্ঠকাঠিন্য এবং অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার ঝুঁকি থাকে।

আয়রন শোষণে বাধা: চায়ে থাকা ট্যানিন খাবার থেকে আয়রন শোষণে বাধা দিতে পারে। বিশেষ করে খাবারের সঙ্গে বা খাওয়ার পরপরই চা পান করলে উদ্ভিজ্জ খাবার থেকে আয়রন শোষণ কমতে পারে। দীর্ঘদিন খাদ্যতালিকায় আয়রনের ঘাটতি থাকলে রক্তস্বল্পতার ঝুঁকি বাড়ে।

ভিটামিন ও খনিজের ঘাটতি: পর্যাপ্ত পুষ্টি না পাওয়ায় শরীরে ক্লান্তি ও দুর্বলতা দেখা দিতে পারে। রোগপ্রতিরোধক্ষমতা স্বাভাবিক রাখতেও সমস্যা হতে পারে। দীর্ঘদিন ক্যালসিয়াম, ভিটামিন ডি ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি থাকলে হাড়ের স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হতে পারে।

ওজন ও কোলেস্টেরলেও পড়তে পারে প্রভাব

চা-বিস্কুটে অতিরিক্ত চিনি ও অস্বাস্থ্যকর চর্বি থাকলে তা শরীরের ওজন এবং রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বাড়াতে ভূমিকা রাখতে পারে। দীর্ঘদিন এ ধরনের খাবার বেশি খাওয়ার ফলে স্থূলতা, উচ্চ কোলেস্টেরল ও বিপাকীয় সমস্যার ঝুঁকি বাড়তে পারে।

এছাড়া নিয়মিত চা পান এবং বিশেষ করে খালি পেটে চা খাওয়ার কারণে কারও কারও অ্যাসিডিটির সমস্যা বাড়তে পারে।

সকালের নাশতায় কী খাবেন?

সকালের নাশতায় শরীরের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে খাবারের তালিকায় ভারসাম্য রাখা জরুরি। শুধু চা-বিস্কুটের ওপর নির্ভর না করে প্রোটিন, আঁশ, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ খাবার বেছে নেওয়া উচিত।

নাশতায় রাখতে পারেন—

১. ডিম: ডিম থেকে শরীর প্রয়োজনীয় প্রোটিন পায়।
২. দুধ: দুধ প্রোটিন ও ক্যালসিয়ামের ভালো উৎস।
৩. ওটস: এতে থাকা আঁশ হজমের স্বাস্থ্যের উন্নতিতে ভূমিকা রাখে।
৪. আটার রুটি: সকালের খাবারে আটার রুটি রাখতে পারেন।
৫. ফলমূল: বিভিন্ন ধরনের ফলে থাকে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও আঁশ।
৬. সবজি: সবজি শরীরের পুষ্টির চাহিদা পূরণে সাহায্য করে।

সকালে সময়ের অভাব থাকলেও শুধু চা-বিস্কুট খেয়ে নাশতা শেষ করার অভ্যাস এড়িয়ে চলুন। অল্প সময়ে তৈরি করা যায়, এমন পুষ্টিকর খাবার বেছে নিন। এতে শরীরের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি সুস্থ খাদ্যাভ্যাসও গড়ে উঠবে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close