প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬:২৬ পিএম

সংগৃহীত ছবি
রাজধানীর মোহাম্মদপুর থেকে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যে দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, ককটেল বিস্ফোরণের প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউনের ৯ নম্বর সড়কের শেষ মাথায় নদীর পাড়ের ওয়াকওয়ে-সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় প্লাস্টিকের বস্তা দিয়ে ঢাকা এবং লাল স্কচটেপে মোড়ানো দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হয়েছেন মো. মেহেদী হাসান সোহেল (৩০) ও মো. রনি ওরফে গ্যাস রনি (২৮)।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজু আহমেদ ও আমিরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালানো হয়। পরে গ্রেপ্তার দুজনের দেখানো মতে ককটেল দুটি উদ্ধার করা হয়।
তিনি জানান, মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজীবের নির্দেশে তার সহযোগী সুমন ও সাহিনের নেতৃত্বে গ্রেপ্তার দুজনসহ অজ্ঞাত আরও কয়েকজন ককটেল বিস্ফোরণের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা এর আগে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার কথা জানিয়েছেন বলে পুলিশ দাবি করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।