প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৫:৫০ পিএম

সংগৃহীত ছবি
কৃষিজমির উর্বরতা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অবৈধভাবে ফসলি জমির টপসয়েল (উপরিভাগের উর্বর মাটি) কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় মাটি কাটার দায়ে সুজন ইসলাম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে রুহিয়া উপজেলার মধুপুর ও ঢোলারহাট সংলগ্ন শুকনদী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান কবির।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র রুহিয়ার মধুপুর ও ঢোলারহাট এলাকার বিভিন্ন আবাদি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ক্যানালসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এতে একদিকে যেমন কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি নষ্ট হচ্ছে, অন্যদিকে জমির স্বাভাবিক উৎপাদনক্ষমতা হ্রাসের পাশাপাশি পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছে।
এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রশাসন।
অভিযানকালে ফসলি জমির উপরিভাগের মাটি অবৈধভাবে কাটার প্রমাণ পাওয়ায় সুজন ইসলামকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)-এর আওতায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য তাঁকে সতর্ক করা হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান কবির বলেন, কৃষিজমির উর্বরতা রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কৃষিজমি ধ্বংস করে এমন কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না।
স্থানীয় বাসিন্দারা জানান, কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কেটে নেওয়ার ফলে জমির স্বাভাবিক উৎপাদনক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই শুধু অভিযান নয়, অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।