প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬:২৬ পিএম

সংগৃহীত ছবি
রাজধানী ঢাকার ধানমন্ডিতে কাঁঠালবাগান এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে সাবা (৩০) নামে এক মা ও তার দেড় বছরের ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ আরও তিনজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় দেড় বছরের শিশুটি মারা যায়। এর আগে, শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে মারা যান তার মা।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কাঠালবাগান এলাকার ‘কাঞ্চন টাওয়ার’ নামে দশতলা আবাসিক ভবনের চতুর্থ তলার এক ফ্ল্যাটে গ্যাসের লিকেজ থেকে আগুন লাগে। এ ঘটনায় সাবাসহ ৫ জন দগ্ধ হন। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দুর্ঘটনার পরপরই দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, সাবার শরীরের ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল। গতকাল বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দেড় বছর বয়সী আবদুর রহমানের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল। পাশাপাশি তার শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। আজ ভোরে তার মৃত্যু হয়।
দগ্ধ বাকি তিনজন হলেন সানজিদা (২০), সামসুন নাহার (৫০) ও আবদুর রহমান (২৭)। তাদের শরীরের যথাক্রমে ৩৭, ৪০ ও ৬ শতাংশ পুড়ে গেছে। সানজিদা ও সামসুন নাহারের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা সবাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।