প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ১০:৫১ AM

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক হোসনি দালান ইমামবাড়া থেকে শিয়া সম্প্রদায়ের শোকাবহ তাজিয়া মিছিল শুরু হয়েছে। রোববার (৬ জুলাই) সকাল ১০টার দিকে প্রায় ৪০০ বছর পুরনো এ ইমামবাড়া থেকে আনুষ্ঠানিকভাবে মিছিলটি যাত্রা শুরু করে।
তাজিয়া মিছিলটি হোসনি দালান থেকে শুরু হয়ে আজিমপুর, নীলক্ষেত, নিউমার্কেট ও সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
মিছিলে অংশ নেওয়া অধিকাংশ শিয়া ধর্মপ্রাণ মুসল্লিকে কালো পোশাকে দেখা গেছে। অনেকের হাতে ছিল প্রতীকী ছুরি, আলাম, নিশান, পতাকা, বেস্তা ও বইলালাম—যা কারবালার শোক স্মরণে বহন করা হয়ে থাকে।
মিছিল ঘিরে সংশ্লিষ্ট এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। মিছিলের অগ্রভাগ, মধ্যবর্তী অংশ ও শেষপ্রান্তে মোতায়েন রয়েছে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন পুলিশ, র্যাব, সোয়াট, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। একইসঙ্গে সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতাও লক্ষ করা গেছে।
মিছিল যেসব সড়ক দিয়ে অগ্রসর হচ্ছে, সেসব এলাকায় রয়েছে ট্রাফিক ও সাধারণ পুলিশের নজরদারি। যান চলাচল নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
প্রসঙ্গত, ১০ মহররম পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য এক শোকাবহ দিন। এ দিনে কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (রা.) ও তার সঙ্গীরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে শহীদ হন। সেই ঘটনাকে কেন্দ্র করে শিয়া সম্প্রদায়ের মানুষ প্রতি বছর এদিনে তাজিয়া মিছিলের আয়োজন করে থাকেন।