ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান সম্প্রসারণ এবং মানবিক সহায়তায় বাধা দেওয়ার তীব্র বিরোধিতা জানিয়েছেন যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়নার। তিনি বলেছেন, ‘গাজার পরিস্থিতি এখনো চরম উদ্বেগজনক, এবং ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ড নিন্দনীয় ও অগ্রহণযোগ্য।’
বুধবার (২৬ জুন) ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে সাপ্তাহিক প্রাইম মিনিস্টারস কোয়েশ্চনস সেশনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নেদারল্যান্ডসে ন্যাটো সম্মেলনে থাকায় তিনি প্রধানমন্ত্রীকে অনুপস্থিতিতে প্রতিনিধিত্ব করেন।
আরও পড়ুন
অ্যাঞ্জেলা রায়নার বলেন, ‘গাজার মানবিক সংকট আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়। আমরা ইসরায়েলের সামরিক অভিযান সম্প্রসারণ, পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং জরুরি ত্রাণ সহায়তায় বাধা দেওয়ার কঠোর বিরোধিতা করি।’
তিনি আরও বলেন, এই ধরনের কর্মকাণ্ড শুধু সংঘাত দীর্ঘায়িত করে, শান্তি ও স্থিতিশীলতার পথে বড় অন্তরায় তৈরি করে।
সংসদে এক প্রশ্নোত্তর পর্বে, ইসরায়েলকে যুদ্ধবিমান এফ-৩৫-এর যন্ত্রাংশ রপ্তানি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলে রায়নার বলেন, ‘যুক্তরাজ্য সরাসরি ইসরায়েলকে অস্ত্র বিক্রি করে না, যা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করতে পারে।’
মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের গাজা আগ্রাসনের ব্যাপারে আগেই উদ্বেগ জানিয়েছে। চলমান সংঘাতে এখন পর্যন্ত হাজারো বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ মানবিক সংকটে পড়েছে।