রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কয়েকটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে চিকিৎসাসেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রোগীরা। তাঁদের অভিযোগ, নির্ধারিত সময়ে চিকিৎসক বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের পাওয়া যায় না। কোথাও প্রেসক্রিপশন লিখে দেওয়ার জন্য টাকা নেওয়া হচ্ছে, আবার প্রয়োজনীয় সরকারি ওষুধ না পেয়ে বাইরে থেকে কিনতে হচ্ছে। চিকিৎসকের কক্ষে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন রোগীরা। তবে অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্ট চিকিৎসক জানিয়েছেন, অফিস চলাকালে রোগীদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয় না।
রাঙ্গাবালীর প্রত্যন্ত এলাকার মানুষের প্রাথমিক চিকিৎসাসেবার অন্যতম ভরসা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র। কিন্তু এসব কেন্দ্রে চিকিৎসাসেবা নিতে গিয়ে নানা ভোগান্তির মুখে পড়ার অভিযোগ করছেন স্থানীয় রোগীরা।
রোগীদের অভিযোগ, অনেক সময় নির্ধারিত সময়ে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসক কিংবা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের পাওয়া যায় না। আবার চিকিৎসকের কাছ থেকে প্রেসক্রিপশন নিতে টাকা দিতে হচ্ছে বলেও অভিযোগ করেছেন কেউ কেউ। এতে সরকারি স্বাস্থ্যসেবা নিতে এসেও ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
শুধু চিকিৎসক বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের উপস্থিতি নিয়েই নয়, সরকারি ওষুধ সরবরাহ নিয়েও রয়েছে অসন্তোষ। রোগীদের দাবি, চিকিৎসকের কাছ থেকে প্রেসক্রিপশন পেলেও স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাচ্ছে না। ফলে বাধ্য হয়ে বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে তাঁদের। এতে বিশেষ করে নিম্ন আয়ের মানুষের চিকিৎসাব্যয় বেড়ে যাচ্ছে।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. রেজাউল করিম বলেন, রাঙ্গাবালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে রোগীর চাপ তুলনামূলক বেশি। কিন্তু রোগীর তুলনায় ওষুধের সরবরাহ কম থাকায় অনেক সময় সবাইকে প্রয়োজনীয় ওষুধ দেওয়া সম্ভব হয় না। ওষুধ না থাকলে রোগীদের বাইরে থেকে কেনার জন্য প্রেসক্রিপশন লিখে দেওয়া হয়। তবে অফিস চলাকালীন রোগীদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয় না বলে দাবি করেন তিনি।
স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের উপস্থিতি নিয়েও প্রশ্ন রয়েছে। এ বিষয়ে মো. রেজাউল করিম বলেন, রাঙ্গাবালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় ওষুধ কোম্পানির প্রতিনিধিরা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রটিকে স্বাস্থ্য কমপ্লেক্স মনে করে এখানে আসেন।
এদিকে সরেজমিনে কয়েকটি স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে নির্ধারিত সময়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অনুপস্থিত থাকার অভিযোগও সামনে এসেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে প্রকৃত অবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
অভিযোগগুলোর বিষয়ে জানতে চাইলে রাঙ্গাবালীর দায়িত্বপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. মেজবাহ উদ্দিন বলেন, এ বিষয়ে তাঁর কাছে কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রগুলোতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পাওয়ার প্রত্যাশা সাধারণ মানুষের। তাই রোগীদের উত্থাপিত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত, স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্বপ্রাপ্তদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং প্রয়োজনীয় ওষুধের সরবরাহ বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সংশ্লিষ্টদের জবাবদিহি ও কার্যকর তদারকি নিশ্চিত করা গেলে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের জন্য সরকারি স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও কার্যকর হবে বলে মনে করছেন সচেতন মহল।
স্বদেশ প্রতিদিন/এস পি