প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৮:৩৮ পিএম আপডেট: ২০.০৬.২০২৫ ৮:৪৩ PM

ফাইল ছবি
সমালোচনার কেন্দ্রে থাকা গায়ক মাঈনুল আহসান নোবেল এবার আলোচনায় এলেন ভিন্ন এক ঘটনার মাধ্যমে। ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা অবস্থায় সেই মামলার বাদী নারীকেই বিয়ে করেছেন তিনি। বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমী বিয়ের আনুষ্ঠানিকতা।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) ইলা মণি। তিনি জানান, আদালতের অনুমতির ভিত্তিতে কারা ফটকে এই বিয়ে অনুষ্ঠিত হয়। দেনমোহর ধরা হয়েছে ১০ লাখ টাকা।
এর আগে বুধবার (১৮ জুন) নোবেলের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক নাজমিন আক্তার বিয়ের অনুমতি দেন। বাদী নারীর সম্মতিও ছিল আদালতে উপস্থিত থেকে।
বিয়েতে নোবেল ও কনের পক্ষ থেকে চারজন সাক্ষী উপস্থিত ছিলেন। তাঁরা হলেন—নাজমা হোসেন, সাবিহা তারিন, খলিলুর রহমান এবং সাদেক উল্লাহ ভূঁইয়া।
উল্লেখ্য, চলতি বছরের ২০ মে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগে বলা হয়, বাদী নারীকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে যৌন নির্যাতন চালান নোবেল। গ্রেপ্তারের পর আদালতে নোবেলের আইনজীবী দাবি করেন, বাদী নারী তাঁর বৈধ স্ত্রী। তবে সে সময় কোনো বৈধ কাবিননামা উপস্থাপন করতে পারেননি তিনি।
এর আগেও নোবেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর চট্টগ্রামের পাঁচলাইশ থানায় তাঁর বিরুদ্ধে মামলা করেন এক তরুণী। একই বছরের ১৫ নভেম্বর সালসাবিল মাহমুদকে বিয়ে করেন নোবেল। তবে সে সম্পর্কও বেশিদিন টেকেনি। একপর্যায়ে তাঁদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে এবং পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে।
সংগীতজীবনে সম্ভাবনার ফুল ঝরালেও বিতর্ক যেন নোবেলের নিত্যসঙ্গী। এবার নতুন এই বিয়ের খবরে তাঁর নাম আবারও উঠে এলো শিরোনামে।
স্বদেশ প্রতিদিন/এনআর