প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৯:০০ পিএম

বিএনপি নেতা ইশরাক হোসেন আন্দোলনে একাত্মতা জানিয়ে কাকরাইলে সমর্থকদের সাথে যোগ দিয়েছেন।
বুধবার (২১ মে) সন্ধ্যার পর কাকরাইলে আন্দোলনরত সমর্থকদের সাথে যোগ দেন তিনি। সেখানে তিনি উপস্থিত হওয়ার পর পরই আন্দোলনরতদের মধ্যে দেখা যায় এক ধরনের উচ্ছ্বাস। এ সময় তার নামে দেওয়া হয় নানা স্লোগান।
প্রসঙ্গত, গত কয়েক দিন ধরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে ইশরাককে বসানোর দাবিতে নগর ভবনের সামনে অবস্থান করে আন্দোলন করছেন সমর্থকরা। এবার বুধবার (২১ মে) কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন এ আন্দোলনকারী।
এদিন ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেটের বৈধতা নিয়ে রিটের রায় দেওয়ার কথা ছিল। তবে আদালত এ রায় ঘোষণার সময় দিয়েছেন বৃহস্পতিবার (২২ মে)। এমন পরিস্থিতিতে সারারাত কাকরাইল মোড়ে থাকার কর্মসূচিতে অবস্থান নেয় আন্দোলনকারী।
উল্লেখ্য, যমুনার সামনের সড়কটি আটকে দেওয়া হয়েছে ব্যারিকেড দিয়ে। এছাড়াও সামনে রাখা হয়েছে জলকামান। পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচন হয়। সেই নির্বাচনে অভিযোগ ওঠে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির। নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ছিলেন ইশরাক হোসেন।
৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের পর মেয়র পদ থেকে শেখ ফজলে নূর তাপসকে অপসারণ করে অন্তর্বর্তী সরকার।
চলতি বছরের ২৭ মার্চ একটি নির্বাচনি ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে গত সিটি নির্বাচনে বিজয়ী হিসেবে ঘোষণা করেন। এরপর তাকে মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। তবে আটকে যায় তার শপথ গ্রহণ।
স্বদেশ প্রতিদিন/আইজেপি