প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৯:১৩ পিএম

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় একটি স্কুলবাসে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে চারজন শিশু, বাসচালক ও তার সহকারী। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৮ জন।
বুধবার সকালে খুজদারে আর্মি পাবলিক স্কুলের ওই বাসটি শিক্ষার্থীদের আনতে গেলে এটি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ‘যানবাহনভিত্তিক ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)’ ব্যবহার করে হামলাটি চালানো হয়। বাসটিতে তখন ৪৬ জন শিক্ষার্থী ছিল।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি কোয়েটায় এক সংবাদ সম্মেলনে জানান, গুরুতর আহতদের হেলিকপ্টারে করে খুজদার থেকে কোয়েটায় স্থানান্তর করা হচ্ছে। তবে হামলার ধরন সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলে জানান তিনি।
এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। তবে পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানিয়ে দাবি করেছে, “ভারতীয় সন্ত্রাসী গোষ্ঠীগুলো” এ হামলার পেছনে রয়েছে। যদিও এ বিষয়ে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে বলেন, “ভারতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসীরা” এই হামলা চালিয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা
স্বদেশ প্রতিদিন/কেএইচ