
নারীবিষয়ক সংস্কার কমিশনের কোরআনবিরোধী প্রতিবেদন বাতিল এবং ভারতীয় আগ্রাসন বন্ধ না করে অন্তর্বর্তী সরকারের কেউ যদি করিডর বাস্তবায়নের দুঃসাহস দেখায় তাহলে ড. মুহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টা পরিষদকে চরম মূল্য দিতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুহিউদ্দিন রব্বানী।
সোমবার (১২ মে) বিকেল ৩টায় হেফাজতে ইসলাম বাংলাদেশ, নাটোর জেলা শাখার উদ্যোগে নাটোরের ভবানীগঞ্জ মোড়ে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন হুঁশিয়ারি দেন তিনি।
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল এবং ভারতীয় আগ্রাসন বন্ধসহ আলেম-ওলামা ও নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিশাল এই গণসমাবেশের আয়োজন করে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
মাওলানা মুহিউদ্দিন রব্বানী তার বক্তব্যে বলেন, আমরা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছি- আরকান আর্মিকে করিডর দেওয়ার জন্য নয়। কেউ যদি করিডর বাস্তবায়নের দুঃসাহস দেখায়, তাহলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ তার উপদেষ্টা পরিষদকে চরম মূল্য দিতে হবে।
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন প্রসঙ্গে তিনি আরও বলেন, মৃত্যুদণ্ড বিলুপ্তির সুপারিশ কেবল শেখ হাসিনা ও তার অনুগতদের রক্ষা করতেই এসেছে। এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। এই দেশে কোরআন ও সুন্নাহবিরোধী কোনো আইন থাকতে পারে না।
নারী কমিশনের সুপারিশে আমরা লজ্জিত, উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। যারা ধর্মনিরপেক্ষতার নামে নাস্তিকতা জাতির ওপর চাপিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোরআন-সুন্নাহবিরোধী নারী কমিশন যদি অবিলম্বে বাতিল না করা হয়, তবে দেশের তাওহিদি জনতা দুর্বার গণআন্দোলনে ঝাঁপিয়ে পড়বে।
এসময় মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, যে রাষ্ট্র শাপলা চত্বরের শহীদদের বিচার করতে ব্যর্থ, সেই রাষ্ট্র আজ ভারতীয় হিন্দুত্ববাদী আগ্রাসনের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে।
তাওহিদি জনতার উদ্দেশ্যে তিনি বলেন, মাদ্রাসার ছাত্র, আলেম-ওলামা, ব্যবসায়ী, শ্রমিক- সবাইকে ইসলামি শাসন প্রতিষ্ঠার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। ইসলাম ছাড়া দুনিয়াতে মুক্তি নেই, আখিরাতে শান্তি নেই। তাই হেফাজতে ইসলামের ছায়াতলে এসে ঈমান রক্ষার আন্দোলনে শরিক হতে হবে।
সমাবেশে নেতারা একযোগে ঘোষণা দিয়ে বলেন, কোরআন-সুন্নাহবিরোধী নারী কমিশন ও ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সব প্রস্তাব বাতিল না করা পর্যন্ত তাওহিদি জনতা রাজপথ ছাড়বে না।
স্বদেশ প্রতিদিন/এসকে