প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৪:০৯ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মো. সাগর নামে এক শিক্ষার্থীকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতের কাছে আবেদন করে পুলিশ। আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আজ মঙ্গলবার (১৩ মে) দুপুর ২টা ১৭ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এনে হাজতখানায় রাখা হয়। শুনানির সময় তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তোলা হয়। এসময় আদালত এই রায় ঘোষণা করেন।
এ দিন তাকে ৭ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম।
রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। রিমান্ড নামঞ্জুর ও জামিন চেয়ে শুনানি করেন আসামিপক্ষের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত পৌনে ১২টায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্বদেশ প্রতিদিন/এমএম