প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৯:৫৯ পিএম আপডেট: ৩০.০৪.২০২৫ ১০:০৮ PM

সম্প্রতি বিবিসি বাংলা কর্তৃক প্রকাশিত একটি সংবাদের শিরোনাম ও প্রতিবেদনকে ‘তথ্য বিকৃতি এবং জনমত প্রভাবিত করার উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টা’ বলে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে অ্যান্টি-ফ্যাসিস্ট কোয়ালিশন।
‘সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জেরে তিন সাংবাদিকের চাকরিচ্যুতি - যা জানা যাচ্ছে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, শুধুমাত্র একটি প্রেস কনফারেন্সে প্রশ্ন করার কারণে তিন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। তবে অ্যান্টি-ফ্যাসিস্ট কোয়ালিশনের দাবি, প্রকৃত ঘটনা ছিল সম্পূর্ণ ভিন্ন।
সংগঠনটির বিবৃতিতে বলা হয়, শিরোনাম ও প্রতিবেদনটি বাস্তব ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করেছে এবং জনমতকে বিভ্রান্ত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তথ্য গোপন করা হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘এই ব্যক্তিরা শুধুমাত্র প্রশ্ন করেননি, বরং সম্প্রতি ক্ষমতাচ্যুত এবং ফ্যাসিবাদী শেখ হাসিনার — যার শাসনামলে মানবাধিকার লঙ্ঘন এবং গণহত্যার অভিযোগ রয়েছে — পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছেন।’
এছাড়াও বিবৃতিতে বলা হয়, ‘বিবিসি বাংলা এই গুরুতর অভিযোগগুলোর কোনো উল্লেখ না করে ঘটনাটিকে মতপ্রকাশের স্বাধীনতা দমন হিসেবে তুলে ধরেছে, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী এবং গভীরভাবে বিভ্রান্তিকর।’
অ্যান্টি-ফ্যাসিস্ট কোয়ালিশনের দাবি, এই ধরনের প্রতিবেদন সত্য উদঘাটনের বদলে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের পক্ষ নেওয়ার একটি অপপ্রয়াস। বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়, ‘এটি সাংবাদিকতা নয় — এটি প্রোপাগান্ডা।’
সংগঠনটি বিবিসি বাংলার কাছে অবিলম্বে প্রতিবেদনটির সংশোধন ও ব্যাখ্যা প্রকাশের দাবি জানিয়েছে, যাতে ঘটনার পূর্ণ প্রেক্ষাপট এবং গৃহীত সিদ্ধান্তের পেছনের কারণসমূহ সঠিকভাবে উপস্থাপন করা হয়।
স্বদেশ প্রতিদিন/এনআর