প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ২:৫৪ পিএম আপডেট: ২৬.০৪.২০২৫ ৩:০৬ PM

আমেরিকার বাজারে সস্তায় আইফোন পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিচ্ছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপানো শুল্কের কারণে অ্যাপল এবার চীন থেকে সরিয়ে ভারতে আইফোন তৈরির পরিকল্পনা করছে।
সূত্র জানায়, ২০২৬ সালের মধ্যে বছরে ৬ কোটিরও বেশি আইফোন ভারতে তৈরি করে আমেরিকায় রপ্তানি করতে চায় তারা।
এই লক্ষ্যে ইতোমধ্যে ভারতের টাটা গ্রুপ ও ফক্সকনের সঙ্গে জরুরি আলোচনা শুরু করেছে অ্যাপল। যদিও এখনো এই বিষয়ে অ্যাপল, টাটা বা ফক্সকনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বর্তমানে, চীন থেকে আমেরিকায় আইফোন পাঠাতে ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হয়। বিপরীতে, ভারতের ক্ষেত্রে এই হার মাত্র ২৫ শতাংশ। ফলে, খরচ কমাতে ভারত হয়ে উঠছে অ্যাপলের জন্য নতুন ভরসা।
এই মুহূর্তে বিশ্বজুড়ে অধিকাংশ আইফোন তৈরি হয় চীনেই। তবে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য টানাপোড়েনের কারণে অ্যাপল বিকল্প পথ খুঁজতে বাধ্য হয়েছে।
ভারতে অ্যাপল ধীরে ধীরে তাদের উৎপাদন বাড়াচ্ছে। ইতিমধ্যে টাটা ইলেকট্রনিকস ও ফক্সকনের মতো কোম্পানির সঙ্গে কাজ করছে তারা। তবে এখনো আইফোন তৈরির জন্য প্রয়োজনীয় অধিকাংশ যন্ত্রাংশ আসে চীন থেকেই।
বাজার বিশ্লেষকদের মতে, স্মার্টফোন তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো অ্যাসেম্বলি বা একত্রে জোড়া লাগানোর কাজ। এই ধাপ কিছুটা ভারতে সরানো হলেও, চীনের ওপর নির্ভরতা এখনো পুরোপুরি কমেনি।
তবে অ্যাপলের লক্ষ্য পরিষ্কার- কম খরচে, কার্যকর উৎপাদনের জন্য আগামী দিনে ভারতের ভূমিকা হতে চলেছে আরও গুরুত্বপূর্ণ।
সূত্র : খালিজ টাইমস ও ফাইনান্সিয়াল টাইমস।
স্বদেশ প্রতিদিন/এমএম