
নদীভাঙন থেকে জনপদ রক্ষার জন্য নির্মাণ করা হয়েছিল বন্যা রক্ষা বাঁধ। কিন্তু সেই বাঁধই এখন নদীগর্ভে বিলীন হচ্ছে। কাজ শেষ হওয়ার মাত্র দেড় মাসের মধ্যে ধসে পড়তে শুরু করেছে পায়রা নদীর তীর রক্ষায় নির্মিত বেড়িবাঁধ ও বালুভর্তি জিও ব্যাগ। কোথাও জিও ব্যাগসহ বাঁধের অংশ নদীতে বিলীন হচ্ছে, আবার কোথাও দেখা দিয়েছে বড় বড় ফাটল। এতে যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে। ঝুঁকিতে পড়েছেন বরগুনার তালতলী উপজেলার অন্তত ১৫ গ্রামের মানুষ।
উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া-নলবুনিয়া এলাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় দেড় কোটি টাকার এই প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, অনিয়ম ও দায়িত্বশীলদের অবহেলার কারণেই এত অল্প সময়ে বাঁধের এই বেহাল দশা। তাঁদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো দায়সারাভাবে কাজ করেছে।
স্থানীয়দের ভাষ্য, বাঁধ নির্মাণের সময় ভেকু (এক্সকাভেটর) দিয়ে বাঁধসংলগ্ন নদীর তীর থেকেই মাটি কেটে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে জিও ব্যাগে নিয়ম অনুযায়ী পর্যাপ্ত বালু ভরাট করার কথা থাকলেও অনেক ব্যাগে নামমাত্র বালু ও মাটি দিয়ে নদীতে ফেলা হয়েছে। কাজ চলাকালেই এসব অনিয়মের প্রতিবাদ জানিয়েছিলেন তাঁরা। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগ আমলে নেয়নি বলে দাবি স্থানীয়দের।
পানি উন্নয়ন বোর্ডের আওতায় তেঁতুলবাড়িয়া-নলবুনিয়া এলাকায় পাঁচটি প্যাকেজে মোট ৫৯০ মিটার বেড়িবাঁধ সংস্কার ও জিও ব্যাগ ফেলার কাজ বাস্তবায়ন করা হয়। প্রকল্পটির চুক্তিমূল্য ছিল ১ কোটি ৪৭ লাখ ৭৪ হাজার টাকা। কাজগুলো বাস্তবায়ন করে মেসার্স পপুলার কনস্ট্রাকশন, মেসার্স আর.এস কনস্ট্রাকশন, মেসার্স সোহেল এন্টারপ্রাইজ ও মেসার্স মনি ট্রেডার্স। গত ২১ সেপ্টেম্বর প্রকল্পের কাজ শেষ হয়।
কিন্তু কাজ শেষ হওয়ার দেড় মাস পার হতেই প্রকল্পের স্থায়িত্ব নিয়ে দেখা দিয়েছে বড় প্রশ্ন!
সরেজমিনে দেখা যায়, পায়রা নদীর ভাঙন রোধে সংস্কার করা বেড়িবাঁধ ও নদীতে ফেলা জিও ব্যাগের প্রায় ৩০০ মিটার অংশ ধসে নদীগর্ভে চলে যাচ্ছে। পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের প্রায় ২০০ মিটার অংশে সৃষ্টি হয়েছে বড় আকারের ফাটল। কোথাও কোথাও বাঁধের মাটি সরে গিয়ে ভেতরের অংশ বেরিয়ে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে আসন্ন জোয়ারের পানির চাপে যেকোনো সময় বাঁধটি ভেঙে যেতে পারে।
বাঁধটি ভেঙে গেলে নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া, বড় অঙ্কুজান, নলবুনিয়া ও আগাপাড়াসহ অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে হাজারো মানুষের ঘরবাড়ি, আমন ধানের ক্ষেত, ফসলি জমি ও মাছের ঘের পানিতে তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। শুধু বসতভিটা নয়, হুমকির মুখে পড়তে পারে এলাকার মানুষের জীবন-জীবিকা ও দীর্ঘদিনের কৃষিনির্ভর অর্থনীতি।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতি বছরই পানি উন্নয়ন বোর্ডের কিছু কর্মকর্তার যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো নামমাত্র কাজ করে সরকারি অর্থ ব্যয় দেখায়। কাজ শুরু হওয়ার সময়ই আমরা অনিয়মের প্রতিবাদ করেছিলাম। কিন্তু কেউ আমাদের কথা শোনেনি। এখন দেড় মাস না যেতেই জিও ব্যাগ নদীতে চলে যাচ্ছে, বাঁধে ফাটল ধরেছে। বাঁধ ভেঙে গেলে আমাদের ঘরবাড়ি, ফসল ও মাছের ঘের সবকিছু পানিতে তলিয়ে যাবে। তখন ক্ষতির দায় কে নেবে?
এ বিষয়ে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান স্বদেশ প্রতিদিনকে বলেন,
কাজের সময় বেড়িবাঁধ থেকে নদী বেশ দূরে ছিল, সামুদ্রিক নিমঞ্চাপ জনিত উত্তাল নদীর ঢেউয়ের আঘাতে যাতে বাধ ভেংগে লোকালয় প্লাবিত নাহয় সেজন্য বাধের স্লোপ জিওব্যাগ দ্বারা আচ্ছাদন করে দেয়া হয়েছিল।
বর্তমানে ঐ স্থানে নদীর তলদেশে ভাংগন শুরু হয়েছে, যেটা রোধের জন্য জিওব্যাগ এবং ব্লক নদীতে ফেলে নদীভাঙ্গন রোধ করা প্রয়োজন, যার জন্য প্রয়োজনীয় বাজেট নেই। ঐ স্থানসমূহে সিসিব্লক ও জিওব্যাগ দ্বারা টেকসই বেড়িবাঁধ নির্মাণে প্রকল্প প্রস্তাবনা দাখিল করা হয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে স্থায়ী সমাধান মিলবে।
স্বদেশ প্রতিদিন/এস পি