প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৩:১৬ পিএম

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার বিচার প্রক্রিয়া এক মাসের মধ্যে শেষ করার আহ্বান জানিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। সেইসঙ্গে রায় ঘোষণার ৭ দিনের মধ্যে মূল আসামি প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীর ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছে সংগঠনটি।
শনিবার (২৬ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব দাবি জানান।
তারা বলেন, ‘বিচারিক কার্যক্রমের ওপর এখনো প্রভাব খাটাচ্ছে পলাতক ফ্যাসিবাদীরা। আমরা বৈষম্যহীন, সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার চাই।’
সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, শুধু মেজর সিনহা নয়, বিগত সময়ে ঘটে যাওয়া সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডেরও সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।
তারা হুঁশিয়ার করে বলেন, ‘সিনহা হত্যা মামলার রায়ে কোনো রকম হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। কেউ কেউ ইচ্ছাকৃতভাবে সশস্ত্র বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা চালাচ্ছে।’
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল হাইকোর্টে সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শুরু হয়েছে।
২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মো. রাশেদ খান। ঘটনার ৫ দিন পর তার বোন আদালতে মামলা করেন। পরে র্যাবের তদন্তে এটি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে প্রমাণিত হয়।
২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত রায় ঘোষণা করেন। এতে সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড ও আরও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সাত আসামিকে খালাস দেওয়া হয়।
বর্তমানে ডেথ রেফারেন্স ও দণ্ডিতদের আপিল শুনানি হাইকোর্টে চলমান রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম