প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:০৩ AM

হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শুক্রবার দিবাগত রাতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সাহায্যে ড্রোনটি আটকে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। শনিবার (২১ নভেম্বর) ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আইআরআইবি আইআরজিসির বিবৃতির বরাতে এ তথ্য প্রকাশ করে।
বিবৃতিতে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে এ পর্যন্ত মোট ৫৮টি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
এমকিউ-৯ রিপার মার্কিন সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল অ্যাটমিকসের তৈরি চালকবিহীন সামরিক আকাশযান। দীর্ঘপাল্লার এই ড্রোন নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নির্ভুল হামলায় ব্যবহৃত হয়। এটি মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ আকাশযানগুলোর একটি।
স্বদেশ প্রতিদিন/এস পি