প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:০০ AM

যুদ্ধবিরতি চলার মধ্যেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার বিভিন্ন স্থানে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। শুক্রবার (২০ নভেম্বর) এসব হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, মধ্য গাজার বুরেইজ শরণার্থীশিবিরের দক্ষিণ-পশ্চিমে ইসরাইলি বিমান হামলায় চারজন নিহত হন। এ ছাড়া দেইর আল-বালাহর আল-মুনাসারা বাস্তুচ্যুত শিবিরে একটি তাঁবু লক্ষ্য করে ড্রোন হামলায় একজন এবং নুসেইরাত শরণার্থীশিবিরের উত্তর অংশে আরেকটি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। হামলার পর আল-আকসা শহীদ হাসপাতাল ও আল-আওদা হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ গ্রহণের তথ্য জানিয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার বিভিন্ন স্থানে কয়েক দফা হামলায় একাধিক ‘সশস্ত্র যোদ্ধাকে’ লক্ষ্যবস্তু করা হয়েছে। এর আগের দিন মধ্য গাজায় ট্যাংক নিয়ে পরিচালিত একটি স্থল অভিযান শেষ করার কথাও জানায় বাহিনী। তাদের দাবি, সেনাদের জন্য হুমকি তৈরি করা একটি ‘সন্ত্রাসী সুড়ঙ্গ’ ধ্বংস করতে ওই অভিযান চালানো হয়েছিল। অভিযানটি যুদ্ধবিরতির পর নির্ধারিত ‘ইয়েলো লাইন’-এর বাইরে হামাসের নিয়ন্ত্রণাধীন এলাকায় পরিচালিত হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি