প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২:৩৯ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন শাহিন, তাঁর স্ত্রী লিমা পারভীন ও তাঁদের এক আত্মীয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্ল্যাটের দরজা-জানালা বন্ধ ছিল। হঠাৎ বিকট শব্দে আগুন ধরে গেলে দগ্ধদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন। পরে তাঁদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনকেই ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের শরীর ও মুখমণ্ডল পুড়ে গেছে। এক প্রতিবেশী জানান, দুর্ঘটনার পর ফ্ল্যাটে গিয়ে গ্যাসের চুলার চাবি খোলা অবস্থায় পেয়েছেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল আল আরেফিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে গ্যাস সরবরাহ বন্ধ থাকলেও লাইনের রাইজারের সুইচ খোলা ছিল। পরে হঠাৎ গ্যাস সরবরাহ শুরু হলে বন্ধ দরজা-জানালার কারণে ফ্ল্যাটে গ্যাস জমে যায়। সকালে চুলায় আগুন জ্বালাতে গেলে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
স্বদেশ প্রতিদিন/এস পি