প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ১:৩৩ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলায় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসি-র একটি উপ-শাখার উদ্বোধন নিয়ে ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছেন স্থানীয় ছাত্রসমাজ ও ছাত্রদল। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় মানিকারচর বাজারে সোনালী ব্যাংকের শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কেফায়েত উল্লাহ, মো. আসিফুল ইসলাম, খাইরুল ইসলাম, ইব্রাহিম খলিল, হাসনাত প্রধান, মাহাবুব হাসান সজিবসহ স্থানীয় ছাত্রসমাজের নেতাকর্মীরা। উপস্থিত নেতারা অভিযোগ করেন, সোনালী ব্যাংকের হাইওয়ে কমপ্লেক্সে নতুন উপ-শাখা উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কাউকে দাওয়াত দেওয়া হয়নি। উল্টো শাখা ব্যবস্থাপক মো. শহিদুল আলম আওয়ামী লীগের কিছু ব্যক্তির উপস্থিতিতে এই শাখার উদ্বোধন করেন।
এ ঘটনাকে ‘অন্যায়’ আখ্যা দিয়ে কেফায়েত উল্লাহ বলেন, “সরকারি প্রতিষ্ঠানে দলীয় লোকজন কেন থাকবে? আমরা স্পষ্ট করে বলতে চাই, এই অপরাধের কারণে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শাখা ব্যবস্থাপককে অপসারণ করতে হবে। তা না হলে আমরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব।”
এ বিষয়ে সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. শহিদুল আলম বলেন, “গত বছরের ৩০ জুলাই অনলাইনে উপ-শাখার কার্যক্রম শুরু হয়েছে। গতকাল আনুষ্ঠানিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্বোধন করা হয়। ভবন মালিক মো. শফিকুল আলমকে দাওয়াত দেওয়া হয়েছিল। তবে তিনি কাদের দাওয়াত দিয়েছেন বা অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন, তা আমার জানা নেই। তাদের রাজনৈতিক পরিচয় সম্পর্কেও আমি অবগত নই।”
তিনি আরও বলেন, “৪৮ ঘণ্টার মধ্যে আমাকে অপসারণের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে, তা আমি মেনে নেব।”
স্বদেশ প্রতিদিন/এমআর