প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১:৪৯ পিএম আপডেট: ১৩.১১.২০২৬ ২:০১ PM

পাবনার বেড়া উপজেলার দুর্গম চরাঞ্চলে বনজঙ্গল পরিষ্কার করে পতিত জমিতে শসা চাষ করে সাফল্য পাচ্ছেন কৃষকরা। যমুনার চরে প্রায় ৩৫০ বিঘা জমিতে শসার আবাদ করেছেন প্রায় অর্ধশত কৃষক। এসব জমি থেকে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ মণ শসা সংগ্রহ করা হচ্ছে। প্রতি মণ শসা ৭০০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন তাঁরা। এ চাষকে ঘিরে কর্মসংস্থান হয়েছে প্রায় ২০০ নারী-পুরুষের।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের যমুনা নদীর পূর্ব পাড়ের পেচাকোলা ও চর নয়ানপুর মৌজায় এসব শসার আবাদ হয়েছে। আগে জমিগুলো বনজঙ্গলে ঘেরা ছিল। ফরিদপুরের শ্রীগোবিন্দপুর গ্রাম থেকে ছয়টি দলে ভাগ হয়ে আসা কৃষকেরা স্থানীয়দের সহযোগিতায় জমি পরিষ্কার করে চাষের উপযোগী করেন। ভাদ্র মাসের শেষ দিকে হাইব্রিড শসার বীজ বপনের প্রায় ৪০ দিনের মধ্যে গাছে শসা ধরতে শুরু করে। জমির পরিচর্যা, সার ও কীটনাশক প্রয়োগ এবং শসা সংগ্রহের কাজে প্রতিদিন প্রায় ২০০ শ্রমিক কাজ করছেন। নারী শ্রমিকেরা দৈনিক ৪০০ এবং পুরুষ শ্রমিকেরা ৬০০ টাকা মজুরি পান।
কৃষকদের তথ্যমতে, প্রতি বিঘা জমি লিজ নিতে খরচ হয় প্রায় পাঁচ হাজার টাকা। বনজঙ্গল পরিষ্কার, বীজ, সার, কীটনাশক, শ্রমিকের মজুরি ও অন্যান্য খরচ মিলিয়ে প্রতি বিঘায় ব্যয় হচ্ছে ৬০ থেকে ৭০ হাজার টাকা। কৃষক জুলু প্রাং আশা করছেন, প্রতি বিঘার শসা বিক্রি করে দেড় লাখ টাকা পর্যন্ত আয় হতে পারে। উৎপাদিত শসা নৌকায় নাকালিয়া ও পেচাকোলা ঘাটে এনে পরে ট্রাক ও ট্রলিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুরের চাকসা ও চরপাড়া আড়তে পাঠানো হচ্ছে। সেখান থেকে পাইকারি ব্যবসায়ীরা দেশের বিভিন্ন জেলায় শসা সরবরাহ করছেন। বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত কবির জানান, অন্য উপজেলা থেকে আসা কৃষকেরা চরাঞ্চলে শসা চাষের উদ্যোগ নিয়েছেন। চরাঞ্চলের উর্বর মাটি শসা চাষের উপযোগী। কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করলে তাঁদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/এস পি