প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ২:০১ পিএম আপডেট: ২৩.০১.২০২৫ ২:০৬ PM

নোয়াখালীর হাতিয়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর কোটি টাকারও বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ১১টি দোকানসহ, ২টি বসতঘর পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে হাতিয়া উপজেলার নলচিরা ইউনিয়নের আফজিয়া বাজারের নলচিরাঘাট এলাকায় অগ্নিকাণ্ডে ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই পুড়ে যায় অন্তত ১০টি দোকান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে তাদের দোকানের মালামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে আনুমানিক কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, বাজার এলাকায় পর্যাপ্ত অগ্নি-নির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় জনগণ।
হাতিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার হারুন আর রশিদ জানান, আমাদের কাছে খবর আশা মাত্র ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে, নিয়ন্ত্রণে আনেন, তবে এর মধ্যেই ১১ দোকান ও দুটি বসতঘর পুড়ে যায়। এরমধ্যে কাপড় দোকান, চা দোকান, কসমেটিক দোকান, গ্যাসের দোকানসহ বিভিন্ন দোকান ছিল। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে, ক্ষতির পরিমাণ এখন নির্ধারণ করা যায়নি।
স্বদেশ প্রতিদিন/এমআর