প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৮:১২ পিএম

সংগৃহীত ছবি
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার বেলঘর ও তেগোরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বেলঘর ও তেগোরিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী একজনকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার ও পাইপ বিনষ্ট করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।