খুলনায় নৈরাজ্য ও সাম্প্রদায়িক গুজবের প্রতিবাদে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানববন্ধন

সংগৃহীত ছবি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সাম্প্রদায়িক গুজব ছড়িয়ে গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে খুলনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে নগরীর বৈকালী মোড়ে ‘হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়, খুলনা’-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন, বাংলাদেশে যারা বসবাস করেন, তারা সবাই বাংলাদেশি। এখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কিছু নেই, প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে আমরা একটি সমৃদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই।
চলমান অস্থিরতার কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, সারা দেশে পরিকল্পিতভাবে অগ্নিসন্ত্রাস, লুটপাট ও চাঁদাবাজি চালানো হচ্ছে। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই প্রতিটি ঘটনা বিশ্লেষণ করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। যারা দেশকে অস্থিতিশীল করার দুঃস্বপ্ন দেখছেন এবং সীমান্তের ওপারে বসে ষড়যন্ত্র করছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মো. শফিকুল আলম তুহিন। তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক মহলে ‘সংখ্যালঘু নির্যাতন’ দেখানোর জন্য একটি মহল কারসাজি করছে। গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে কারা হামলা চালিয়ে নিজেরাই ভিডিও ধারণ করেছে, তা সবার জানা। বিএনপি করার অপরাধেই তাদের বাড়িঘরে হামলা ও হুমকি দেওয়া হচ্ছে।
খুলনাকে শান্ত রাখার প্রত্যয় ব্যক্ত করে শফিকুল আলম তুহিন হুঁশিয়ারি দেন, খুলনায় কোনো অগ্নিসন্ত্রাস বা নাশকতা চালানো হলে তার দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলছি, নাগরিক হিসেবে বসবাসের অধিকার আপনাদেরও আছে, কিন্তু উস্কানি দিয়ে মানুষের জানমালের ক্ষতি করলে সর্বস্তরের মানুষ আপনাদের প্রতিহত করবে।
এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও গির্জার ফাদারদের জন্য মাসিক ভাতা চালুর প্রশংসা করেন এবং খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল সব ধর্মের মানুষের পাশে রয়েছেন বলে উল্লেখ করেন।
হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ইঞ্জিনিয়ার সত্যানন্দ দত্তের সভাপতিত্বে এবং প্রভুদান বাঙইয়ের (জিতু) সঞ্চালনায় কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মাহমুদ হাসান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন ও খুলনা সদর থানা বিএনপির সভাপতি হুমায়ুন কবীর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগরীর সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু, ব্রোজেন ঢালী, সুজনা জলি, উজ্জ্বল সাহা, সুজিত সাহা, বিকাশ দত্ত, দেবেন ঘোষ, অমিত কান্তি ঘোষ, রতন দেবনাথ, লিটন কুলু, নারায়ণ মিশ্র, বিপ্লব দে, নির্মলেন্দু মণ্ডল, তাপসী বাড়ে, সুলতা হালদার, প্রতিমা রানী, মধুমালা, বন্দি বালা, কালিপদ, অমিত মল্লিক, অমল মণ্ডল, দিপু মণ্ডল ও জ্যোৎস্না প্রমুখ।