রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অস্ট্রেলিয়াকে ৭ রানে হারিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড      ● মুশফিকের বিদায়কে স্মরণীয় করতে চায় বিসিবি      ● গোল অবদানে সবার উপরে ইয়ামাল, দুইয়ে এমবাপে      ● নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত দীপা খন্দকার      ● পাকিস্তানি নাটকে মজেছে ভারতীয়রা, কাজে আসছে না নিষেধাজ্ঞা      ● ঢাকায় আসছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা?      ● সুষ্ঠু নির্বাচনই ইসির একমাত্র এজেন্ডা : সিইসি      ● মালয়েশিয়ায় পাচারকালে নারী-শিশুসহ উদ্ধার ৩১৭      ● আইন-শৃঙ্খলা অবনতির অপচেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ আইজিপির      ● ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা      ● প্রধানমন্ত্রী তারেক রহমানকে আরব আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ      ● সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়াতে চায় রাশিয়া টুডে      
অস্ট্রেলিয়াকে ৭ রানে হারিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মিচেল মার্শের একার লড়াইয়ে জয়ের জন্য শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১২ রান। কিন্তু দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিকদের স্বপ্ন ভেঙে দিলেন ইংলিশ পেসার হেনরি ক্রোকম্বে। রোববার সিডনিতে চতুর্থ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৭ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করল সফরকারীরা।

১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ। দ্বিতীয় ওভারে জেক ফ্রেজার-ম্যাকগার্ক (০) ফিরলেও এক প্রান্ত আগলে রেখে তাণ্ডব চালান মার্শ। মাত্র ২৬ বলে ফিফটি পূর্ণ করার পর ইনিংসের ১৮তম ওভারে তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি। ৫৭ বলে ১১৯ রানের বিধ্বংসী ইনিংস খেললেও অন্য প্রান্তে কোনো ব্যাটারের কাছ থেকে তেমন সমর্থন পাননি তিনি। স্যাম হারপার ১৮, নিখিল চৌধুরী ১২ ও টিম ডেভিড ১২ রান করে ফিরলে চাপে পড়ে স্বাগতিকরা।

১৯তম ওভারে জেমি ওভারটনের বলে দুটি ছক্কা ও একটি চার মেরে সমীকরণ শেষ ওভারে ১২ রানে নামিয়ে এনেছিলেন মার্শ। কিন্তু ২০তম ওভারে ক্রোকম্বের শর্ট বলে উইকেটের পেছনে জর্ডান কক্সের হাতে ক্যাচ দিয়ে মার্শ (১১৯) ফিরতেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার আশা। পরের বলেই অলিভার ডেভিসকে এলবিডব্লিউ করে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন ক্রোকম্বে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৪ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। ইংল্যান্ডের পক্ষে ক্রোকম্ব ৩টি এবং আদিল রশিদ, লিয়াম ডসন, স্যাম কারান ও জেমি ওভারটন একটি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভয়াবহ হয়েছিল ইংল্যান্ডের। পাওয়ার প্লেতেই সাজঘরে ফেরেন চার ব্যাটার। ফিল সল্ট (৭), অ্যানুরিন ডোনাল্ড (৭), অধিনায়ক হ্যারি ব্রুক (৯) ও টম ব্যান্টনের (৩) দ্রুত বিদায়ে চাপে পড়ে সফরকারীরা।

মাঝের ওভারে জর্ডান কক্স (২৩) ও জেমস কোলস (৩৩) প্রাথমিক ধাক্কা সামাল দেন। এরপর শেষ দিকে দায়িত্বশীল ও ঝোড়ো ব্যাটিংয়ে দলকে লড়াকু পুঁজি এনে দেন স্যাম কারান। ৫০ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। তাকে দারুণ সঙ্গ দেন লিয়াম ডসন (২৩) ও জেমি ওভারটন (২০)। ফলে ৭ উইকেটে ১৮১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার পক্ষে স্পেন্সার জনসন ও রাইলি মেরেডিথ ২টি করে উইকেট নেন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close