প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:৩৩ পিএম

সংগৃহীত ছবি
যশোরে মাইক্রোবাসের ধাক্কায় আসমা খাতুন (২২) নামে এক নার্সিং শিক্ষার্থী নিহত হয়েছেন। রবিবার ভোরে যশোর-খুলনা মহাসড়কের সদর উপজেলার গোপালপুর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আসমার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নড়াইল ও যশোর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী, সহপাঠী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
তাকে শেষবারের মতো দেখতে যশোর জেনারেল হাসপাতালের মর্গে ভিড় করেন সহপাঠী ও অন্যান্য শিক্ষার্থীরা। নিহত আসমা খাতুন যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামের কবির হোসেনের মেয়ে। তিনি নড়াইল নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহতের ভাই মঈন হোসেন জানান, রোববার ভোর ৬টার দিকে বোনকে নড়াইল নার্সিং ইনস্টিটিউটে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তিনি মোটরসাইকেলে করে যশোর-নড়াইল বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন।
পথে যশোর-খুলনা মহাসড়কের গোপালপুর গেট এলাকায় পৌঁছালে খুলনার দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আসমা গুরুতর আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইউসুফ আলী তাকে ভর্তি করেন। তবে ভর্তির কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইউসুফ আলী জানান, মাথায় আঘাতের কারণে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। যশোর জেনারেল হাসপাতালে কর্তব্যরত পুলিশ সদস্য মাসুদ রানা জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সড়ক দুর্ঘটনায় এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বিষয়টি কোতোয়ালি থানাকে অবহিত করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।