প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:৩৭ পিএম

সংগৃহীত ছবি
প্রতিবন্ধী শিশু ও যুবকদের শিক্ষা, চলাচল এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সাতক্ষীরায় তিন দিনব্যাপী আঞ্চলিক অংশীজন কর্মশালা ও ইনক্লুশন ফেয়ার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মেলার সমাপনী দিনে ৫৬ জন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে বিভিন্ন ধরনের সহায়ক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর)বেলা ১২ টা সাতক্ষীরার আশাশুনি উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ৪২ জনের মধ্যে স্ট্যান্ডিং ফ্রেম, হুইলচেয়ার, ওয়াকার, স্পেশাল সিটিং চেয়ার, কর্নার চেয়ার ও ক্রাচ বিতরণ করা হয়। এছাড়া শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে ১৪ জনের মধ্যে বাইসাইকেল, পাওয়ার গ্লাস ও হিয়ারিং এইড দেওয়া হয়।
আয়োজকরা জানান, প্রতিবন্ধী শিশু ও যুবকদের শিক্ষা গ্রহণ, চলাচল এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত হওয়ার সুযোগ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে তাদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ড, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাস এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক আফরুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিভালের পরিচালক কৃষিবিদ ডা. মো. নজরুল ইসলাম।
প্রতিবন্ধী শিশু ও যুবকদের সমাজের সব ক্ষেত্রে অর্থবহ অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত ‘সিবিআর (CBR) প্রজেক্ট’-এর আওতায় এ আয়োজন করা হয়।
আইডিয়াল পারুলিয়া, আশরাফ ফাউন্ডেশন চৌগাছা, বাঁচতে শেখা আরাবপুর এবং বারীনগর সমাজকল্যাণ সংস্থার যৌথ আয়োজনে লিলিয়ান ফন্ডস নেদারল্যান্ডসের আর্থিক সহযোগিতায় এবং সেন্টার ফর ডিজ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের (সিডিডি) কারিগরি সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে আঞ্চলিক অংশীজন কর্মশালা ও ইনক্লুশন ফেয়ার উপলক্ষে পুরস্কার বিতরণ করা হয়।