প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:৪৪ পিএম

সংগৃহীত ছবি
পঞ্চগড় সীমান্ত এলাকায় মানবপাচারবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দীর্ঘদিনের চিহ্নিত মানবপাচারকারী চক্রের মূল হোতা মো. জুলফিকার আলীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তি মানবপাচারের পাশাপাশি মাদক ও গরু চোরাচালানের সঙ্গেও জড়িত বলে জানা গেছে।
আটক মো.জুলফিকার আলী পঞ্চগড় জেলার সদর থানাধীন ভিতরগড় ইউনিয়নের আবালুপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
বিজিবি জানায়, শনিবার (২৮ নভেম্বর) রাতে ৫৬ বিজিবি ব্যাটালিয়নের ভিতরগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ৭৪৪/৭-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের মূল হোতা মো. জুলফিকার আলীকে আটক করা হয়।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পঞ্চগড় সদর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
সীমান্ত দিয়ে মানবপাচার, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।