প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৮:৩২ পিএম

সংগৃহীত ছবি
প্রত্যেক নেতাকর্মীকে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়ে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন বলেছেন, আগামীকাল ১ ডিসেম্বর বিজয়ের মাসের শুরুতে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। এই সমাবেশের মধ্য দিয়ে স্বাধীনতাকে রক্ষার এবং স্বাধীনতার বিরুদ্ধে চলমান সকল ষড়যন্ত্র ও চক্রান্তকে চিরতরে কবর দেওয়া হবে।
তিনি বলেন, আগামীকাল বিএনপির নির্ধারিত সমাবেশ সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা-৬ আসনের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা করেছেন সংসদ সদস্য ইশরাক হোসেন। গতকাল রোববার রাজধানীর ওয়ারিতে ইশরাক হোসেনের নির্বাচনী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সমাবেশের সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম সুসংগঠিত করা এবং নেতাকর্মীদের সক্রিয় ও সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে ইশরাক হোসেন পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র ও আওয়ামী লীগের অরাজকতা রুখে দেয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে, সম্পদহানি করে এবং মানুষ হত্যা করে আপনারা সফল হতে পারবেন না।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা রাজপথে লড়াই করেছি, পতিত ফ্যাসিস্ট হাসিনা এবং তার রাষ্ট্রীয় বাহিনী দিয়েও আমাদের দমিয়ে রাখা যায়নি। অতএব, এসব বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে রাজনীতিতে প্রত্যাবর্তনের যে দিবাস্বপ্ন আপনারা দেখছেন, জনগণ তা রুখে দেবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী দেশকে স্থিতিশীল রাখতে বিরোধী দলের রাজনীতির প্রতি যে সহনশীল আচরণ করছেন, সেটিকে দুর্বলতা ভাবা ঠিক নয়।
সভায় ঢাকা-৬ আসনের অন্তর্গত বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।