
সংগৃহীত ছবি
তৈরি পোশাক শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের ফলে মার্কিন ডলারের হিসাবে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বর্তমান বিনিময় হার অনুযায়ী নতুন এই মজুরি প্রায় ১৩৭ ডলার।
অন্যদিকে, এইচঅ্যান্ডএমের ২০২৫ সালের সরবরাহকারী কারখানার তথ্য অনুযায়ী, ভারতে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১২৪ ডলার এবং পাকিস্তানে ১৩৫ ডলার। সে হিসাবেও বাংলাদেশের নতুন মজুরি ভারতের চেয়ে ১০ দশমিক ৬ শতাংশ এবং পাকিস্তানের চেয়ে ১ দশমিক ৬ শতাংশ বেশি।
দেশের রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তা ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বলেন, পোশাকশিল্পের সামগ্রিক সক্ষমতা ও অন্যান্য দিক বিবেচনায় নতুন ঘোষিত মজুরি কাঠামো সর্বোচ্চ। আঞ্চলিক অনেক প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে রয়েছে।
প্রতি ডলারের বিনিময়মূল্য ১২৪ টাকা ধরে হিসাব করলে বাংলাদেশের নতুন ন্যূনতম মজুরি দাঁড়ায় ১৩৭ দশমিক ১০ ডলার। আগের ১২ হাজার ৫০০ টাকার তুলনায় নতুন মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ।
আন্তর্জাতিক বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে শ্রমিকদের মজুরি তুলনায় এই পরিবর্তন গুরুত্বপূর্ণ।
বিশ্বের অন্যতম বৃহৎ ফ্যাশন ব্র্যান্ড এইচঅ্যান্ডএম গ্রুপের ২০২৫ সালের ‘ওয়েজেস ইন আওয়ার সাপ্লাই চেইন’ ড্যাশবোর্ডে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ ৮টি গুরুত্বপূর্ণ পোশাক উৎপাদনকারী দেশের শ্রমিকদের মজুরি পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
২০২৬ সালের মার্চে হালনাগাদ করা এই ড্যাশবোর্ডে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। এতে সরবরাহকারী কারখানার শ্রমিকদের গড় মাসিক মজুরি এবং নিম্নতম মজুরির তথ্য আলাদাভাবে দেখানো হয়েছে।
এইচঅ্যান্ডএম ২০১৩ সাল থেকে তাদের সরাসরি সরবরাহকারী কারখানাগুলোতে শ্রমিকদের মজুরি পর্যবেক্ষণ করছে। প্রতিষ্ঠানটির ড্যাশবোর্ডে দেশভিত্তিক তথ্য স্থানীয় মুদ্রা ও মার্কিন ডলার—দুই হিসাবেই প্রকাশ করা হয়। অঞ্চল, রাজ্য ও শ্রমিকের শ্রেণিভেদে মজুরির পার্থক্য বিবেচনায় নিয়ে নিম্নতম মজুরির ভারসাম্যপূর্ণ গড় হিসাব করা হয়।
২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশে নতুন ১৭ হাজার টাকার মজুরি নির্ধারিত হয়েছে। মঙ্গলবার রাতে এটি চূড়ান্ত হয়।
অন্যদিকে, ভারত ও পাকিস্তানের তুলনামূলক তথ্য ২০২৫ সালের। ফলে এই তুলনায় সময়ের পার্থক্য রয়েছে। এটি একই সময়ের তিন দেশের জাতীয় আইনগত ন্যূনতম মজুরির তুলনা নয়; বরং বাংলাদেশের নতুন ঘোষিত মজুরির সঙ্গে এইচঅ্যান্ডএমের সরবরাহকারী কারখানার সর্বশেষ প্রকাশিত তথ্যের তুলনা।
নতুন মজুরি কাঠামোতে চারটি গ্রেড নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন চতুর্থ গ্রেডে মাসিক মজুরি ১৭ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা। নতুন মজুরি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
নিম্নতম মজুরি বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়।
এর আগে ২০২৩ সালের নভেম্বরে পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়, যা ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। নতুন সিদ্ধান্তে তিন বছরের ব্যবধানে আবারও শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ল।