প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৪:৩০ পিএম

শরীয়তপুর জেলা পুলিশ লাইনে নারকেল গাছ থেকে ডাব পাড়তে গিয়ে পড়ে সাহেব আলী চোকদার নামে এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় তার মৃত্যু হয়।
নিহত সাহেব আলী শরীয়তপুর পৌরসভার উত্তর বালুচড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত মতিন চোকদারের ছেলে। একসময় পালং তুলাশার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ে দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে আউটসোর্সিংয়ের মাধ্যমে শরীয়তপুর জেলা পুলিশ লাইনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে জেলা পুলিশ লাইনের দেয়ালসংলগ্ন একটি নারকেল গাছে ডাব পাড়তে ওঠেন সাহেব আলী। এ সময় অসাবধানতাবশত পা পিছলে গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে পুলিশের অ্যাম্বুলেন্সে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ঢাকায় নেওয়ার পথে মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।
এদিকে, নিহতের দাফন কার্যক্রমের জন্য তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে জেলা পুলিশ। পাশাপাশি ভবিষ্যতেও তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, “তিনি আমাদের আউটসোর্সিংয়ের একজন কর্মী ছিলেন। ডাব পাড়তে গাছে উঠে দুর্ঘটনাবশত পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা প্রয়োজন, আমরা করেছি। ভবিষ্যতেও তার পরিবারের পাশে থাকব।”
স্বদেশ প্রতিদিন/এস পি