প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১:৫৭ পিএম

টানা দরপতনের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। সোমবার (২৩ নভেম্বর) লেনদেনের শুরুতে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পায়। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে অস্থিরতা এবং দেশটির আসন্ন মূল্যস্ফীতির তথ্য ঘিরে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের মধ্যে এই ঊর্ধ্বগতি দেখা গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ১১টা ৩০ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে ৩ হাজার ৬১৬ ডলার ৫১ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়ে হয় ৩ হাজার ৬১৬ ডলার ৬০ সেন্ট। এর আগে গত সপ্তাহে স্বর্ণের দাম প্রায় ৯ শতাংশ কমেছিল, যা গত মার্চের পর সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন।
বাজার বিশ্লেষকদের মতে, প্রযুক্তি খাতের শেয়ারে পতন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রের সুদের হার সম্পর্কে বিনিয়োগকারীদের প্রত্যাশায় পরিবর্তন এসেছে। এতে স্বর্ণের দামে সমর্থন তৈরি হয়েছে। তবে বিশ্লেষকেরা সতর্ক করেছেন, এই উত্থানকে দরপতনের সমাপ্তি হিসেবে দেখার সুযোগ নেই। এদিকে সোমবার স্পট মার্কেটে রুপার দাম ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪২ ডলার ৪১ সেন্ট হয়েছে। প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও ১ দশমিক ২ শতাংশ করে বেড়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি