প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০৯ পিএম

গ্রাফিকস, বাস্তবসম্মত পরিবেশ ও সিনেমার মতো গল্প বলার কৌশলে ভিডিও গেম অনেক এগিয়েছে। তবে আধুনিক ওপেন-ওয়ার্ল্ড গেমের মধ্যেও পুরোনো দিনের মতো ইচ্ছেমতো খেলার স্বাধীনতা ও চিট কোড ব্যবহারের আনন্দ খুঁজছেন অনেক গেমার। দ্য ডেইলি স্টারে প্রকাশিত এক স্মৃতিচারণমূলক লেখায় নিজের শৈশবের গ্র্যান্ড থেফট অটো (জিটিএ) খেলার অভিজ্ঞতা তুলে ধরেছেন কে তানজিল জামান।
লেখক জানান, ২০০৪ সালে প্রথম জিটিএ থ্রি খেলেন তিনি। দ্রুতগতির গাড়ি, অস্ত্র ও ব্যস্ত শহরের পরিবেশ তাঁকে মুগ্ধ করেছিল। পরে চিট কোড ব্যবহার করে গাড়ি ওড়ানোর অভিজ্ঞতা তাঁর কাছে ছিল রোমাঞ্চকর। প্রতিবেশী এক বন্ধুর সঙ্গে জিটিএর চিট কোড লেখার জন্য আলাদা একটি খাতাও রেখেছিলেন তাঁরা। এরপর ভাইস সিটি ও সান আন্দ্রেয়াস খেলার সময় বন্ধু ও আত্মীয়দের আড্ডায় জিটিএ নিয়ে চলত নানা আলোচনা। সান আন্দ্রেয়াস কেনার জন্য মায়ের কাছে অপেক্ষা করতে হয়েছিল এক-দুই মাস। ঈদুল ফিতরের আগের দিন মায়ের সঙ্গে বাজারে গিয়ে গেমটি কেনার স্মৃতিও তুলে ধরেছেন লেখক।
লেখাটিতে বলা হয়েছে, নতুন জিটিএ গেমে শহর ও মানুষের জীবনযাত্রাকে আরও বাস্তবসম্মত করে তোলার প্রচেষ্টা প্রশংসনীয়। তবে বাস্তব জীবনের মতো পরিবেশের মধ্যে কখনো কখনো খেলোয়াড়রা শুধু মজার ছলে অসম্ভব কিছু করার স্বাধীনতাও চান। ঢাকার রাস্তায় গাড়ি ওড়ানোর মতো কল্পনাকে গেমের মাধ্যমে বাস্তবায়নের আনন্দই পুরোনো জিটিএর চিট কোডের স্মৃতিকে বিশেষ করে রেখেছে লেখকের কাছে। তাঁর মতে, আগের গেমগুলোতে শহরকে পুরোপুরি বাস্তব করে তোলার প্রয়োজন ছিল না; বরং কল্পনার জায়গা রাখাই ছিল সেই আনন্দের বড় অংশ।
স্বদেশ প্রতিদিন/এস পি