
সংগৃহীত ছবি
দাম্পত্য জীবনে মতবিরোধ কিংবা ঝগড়া হওয়া মোটেই অস্বাভাবিক নয়। ঝগড়ার পর মায়ের সঙ্গে কথা বললে হয়তো কিছুটা স্বস্তি পাওয়া যায়। মা আপনার কথা শোনেন, আপনার পক্ষ নেন এবং আপনাকে মনে করিয়ে দেন যে আপনি ভালো ব্যবহারের যোগ্য। কিন্তু পরদিন যখন আপনি ও আপনার সঙ্গী আবার মানিয়ে নেন, তখন কী হয়? আপনার বাবা-মা কিন্তু সেই ঝগড়ার তিক্ত স্মৃতিগুলো মনেই রেখে দেন।
এখান থেকেই পরিস্থিতি জটিল হতে শুরু করে। বাবা-মা অবশ্যই বড় ধরনের সহায়তার উৎস হতে পারেন, কিন্তু সম্পর্কের খুঁটিনাটি সবকিছু তাদের সঙ্গে শেয়ার করলে তা আপনার সঙ্গীর প্রতি তাদের দৃষ্টিভঙ্গিকে দীর্ঘস্থায়ীভাবে নেতিবাচক করে তুলতে পারে।
বাবা-মায়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার মানে এই নয় যে, তাদের সবকিছুই জানতে হবে। এমন পাঁচটি বিষয়ের কথা উল্লেখ করা হলো, যা বাবা-মায়ের সাথে শেয়ার করার আগে দম্পতিদের দুবার ভাবা উচিত-
ছোটখাটো সব ঝগড়া
প্রতিটি মতপার্থক্যই যে পারিবারিক আলোচনার বিষয়বস্তু হতে হবে, এমন কোনো কথা নেই। আপনি যখন ঝগড়ার কেবল কষ্টদায়ক দিকগুলো বাবা-মায়ের কাছে তুলে ধরেন, তখন পুরো ঘটনা না জেনেই তারা আপনার সঙ্গীর সম্পর্কে একটি নেতিবাচক ধারণা পোষণ করতে পারেন। আপনি হয়তো ক্ষমা করে ভুলে যাবেন, কিন্তু তারা হয়তো তা ভুলবেন না।
প্রয়োজন হলে অবশ্যই সহায়তা নিন, বিশেষ করে যদি কোনো সমস্যা বারবার ঘটতে থাকে। তবে সাধারণ মতপার্থক্যগুলো নিজেদের মধ্যেই মিটিয়ে ফেলার সুযোগ দিন।
সঙ্গীর ব্যক্তিগত দুর্বলতা
আপনার সঙ্গী হয়তো তার ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা, আর্থিক ভয় বা ব্যক্তিগত কোনো দুর্বলতার কথা আপনার সাথে শেয়ার করেছেন, কারণ তিনি আপনাকে বিশ্বাস করেন। এই বিষয়গুলো বাবা-মায়ের কাছে বলে দিলে আপনার সঙ্গী নিজেকে অরক্ষিত মনে করতে পারেন; বিশেষ করে যদি পরবর্তীতে আলোচনার সময় সেই দুর্বলতাগুলোর প্রসঙ্গ আবার উঠে আসে।
আপনার সঙ্গী যে বিষয়গুলো একান্ত বিশ্বাসের সঙ্গে আপনাকে জানিয়েছেন, সেগুলো গোপন রেখেই আপনি কোনো পরিস্থিতি সম্পর্কে বাবা-মায়ের কাছ থেকে পরামর্শ চাইতে পারেন।
শারীরিক ঘনিষ্ঠতার খুঁটিনাটি
আপনার শারীরিক সম্পর্ক একান্তই ব্যক্তিগত; এমনকি বাবা-মায়ের সঙ্গে আপনার সম্পর্ক খুব ঘনিষ্ঠ ও খোলামেলা হলেও এটি প্রযোজ্য। সঙ্গীর সম্মতি ছাড়া আপনাদের ঘনিষ্ঠ মুহূর্ত বা পছন্দ-অপছন্দ নিয়ে অন্যদের সাথে আলোচনা করাটা পারস্পরিক আস্থার ক্ষতি করতে পারে।
গুরুতর কোনো সমস্যা বা প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া আর ব্যক্তিগত বিষয়গুলো হালকাভাবে অন্যদের সাথে শেয়ার করা এক নয়। সম্পর্কের প্রতিটি ঘটনা সবার জানার প্রয়োজন নেই।
অর্থ সংক্রান্ত মতপার্থক্য
বেতন, খরচের অভ্যাস, সঞ্চয় বা আর্থিক দায়িত্ব নিয়ে মতপার্থক্য বেশ সংবেদনশীল বিষয় হতে পারে। টাকা-পয়সা নিয়ে প্রতিটি ঝগড়ার কথা বাবা-মায়ের কাছে বললে, তারা আপনাদের আর্থিক বোঝাপড়া না বুঝেই আপনার সঙ্গীর সমালোচনা করতে পারেন।
আর্থিক বিষয়ে পরামর্শ নেওয়াটা খুবই স্বাভাবিক, তবে চেষ্টা করবেন যেন প্রতিটি মতপার্থক্য আপনার সঙ্গীর অবদান বা খরচের অভ্যাস নিয়ে অভিযোগের রূপ না নেয়।
যেসব সমস্যার সমাধান আপনি আগেই করে ফেলেছেন
হয়তো আপনি ক্ষমা চেয়েছেন, কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং তা পেছনে ফেলে এগিয়ে গেছেন, কিন্তু আপনার বাবা-মা হয়তো বারবার সেই প্রসঙ্গটি তুলে আনছেন। তারা আপনার সঙ্গীর বিষয়ে সন্দিহান হয়ে উঠতে পারেন অথবা অন্য কোনো মতপার্থক্যের সময় আপনাকে আপনার পুরোনো কোনো ভুলের কথা মনে করিয়ে দিতে পারেন।
সমাধান হয়ে যাওয়া কোনো বিবাদের প্রসঙ্গ পুনরায় তোলার আগে নিজেকে প্রশ্ন করুন, আপনার কি সত্যিই কোনো সহায়তার প্রয়োজন, নাকি আপনি কেবল এমন একটি পুরোনো ঘটনা বারবার টেনে আনছেন যা নিয়ে আর আলোচনার কোনো প্রয়োজনই নেই?