প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০৫ পিএম

সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের সাংবিধানিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের শপথ কক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় আয়োজিত এক ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ইউএনডিপির ‘স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস)’ প্রকল্পের আওতায়। স্পিকার বলেন, আইন প্রণয়নের পাশাপাশি উন্নয়ন কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা, সম্পদের সঠিক ব্যবহার এবং উন্নয়ন প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে হবে। সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম ও নির্বাচনী এলাকার উন্নয়ন পরিকল্পনার সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সামঞ্জস্য রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
বক্তব্যে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে স্পিকার বলেন, গত ১৫ বছরে প্রহসনের নির্বাচন, ভোট জালিয়াতি, অর্থপাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে সরকার গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচনে ১৫৩ জন অনির্বাচিতভাবে সংসদ সদস্য হয়েছিলেন। বর্তমান নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও জবাবদিহি বেড়েছে। বিশেষ অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সংসদ সদস্যদের স্বচ্ছতা, সক্ষমতা ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেন।
স্বদেশ প্রতিদিন/এস পি