
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সুবিধাভোগী পরিবারের নারীদের তালিকাপ্রণয়নে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।এ কর্মসূচির আওতায় নির্বাচিত পরিবারের নারীরা প্রতি মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন।রাজনৈতিক পরিচয় কিংবা দলীয় মতাদর্শ নয়, বরং প্রকৃত যোগ্যতা ও প্রয়োজনের ভিত্তিতেই এ সুবিধা প্রদান করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার চরচারতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুর রহমানের বাড়িতে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুর রহমান।বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিপ্রা সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নোয়াব আলী মুন্সী, সমাজকল্যাণ সম্পাদক জহির সরকার, চরচারতলা ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল সরকার, সাধারণ সম্পাদক হাজী মো. হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক মো. মোবারক, কৃষিবিষয়ক সম্পাদক নূর আলম, এলাকার বিশিষ্ট মুরুব্বি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক গোলাপ, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার হাজী শাহজাহান মিয়াসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই জনকল্যাণমূলক উদ্যোগ সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারের নারীদের আর্থিক সচ্ছলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফ্যামিলি কার্ডের সুবিধা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা গুজব ছড়ানোর সুযোগ নেই। রাজনৈতিক মতাদর্শ কিংবা দলীয় পরিচয় নির্বিশেষে প্রকৃত যোগ্য পরিবারের নারীরা এ কর্মসূচির আওতায় সমানভাবে সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে সম্ভাব্য সুবিধাভোগী নারীদের নাম, পিতার নাম, জাতীয় পরিচয়পত্রের নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন।তথ্য সংগ্রহ শেষে যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে পর্যায়ক্রমে যোগ্য পরিবারগুলোর হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।
বক্তারা আরও জানান, চলতি বছরের মধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে সরকারের।পর্যায়ক্রমে এ কল্যাণমুখী কর্মসূচির পরিধি আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।
ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়িত হলে অসচ্ছল পরিবারের নারীদের আর্থিক সহায়তার পাশাপাশি পারিবারিক জীবনযাত্রার মানোন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।
স্বদেশ প্রতিদিন/এস পি