প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০২ পিএম

জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নে এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ চেয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ অর্থ বরাদ্দ দিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে।
গত ১১ নভেম্বর অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহাম্মদ শাহাদাত হোসাইন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, নতুন বেতন স্কেল অনুযায়ী এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে ২০২৬-২৭ অর্থবছরে মোট ৯ হাজার ৭১৬ কোটি ৫৬ লাখ ১১ হাজার টাকা প্রয়োজন হবে। তবে ওই অর্থবছরের পরিচালন বাজেটে বেসরকারি মাদ্রাসার জন্য বরাদ্দ রয়েছে ৭ হাজার ৭৮৩ কোটি ৬ লাখ ১১ হাজার টাকা। ফলে ঘাটতি থাকছে ১ হাজার ৯৩৩ কোটি ৫০ লাখ টাকা।
বর্তমানে এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। নতুন স্কেল কার্যকর হলে বর্ধিত বেতন-ভাতা পরিশোধে অতিরিক্ত অর্থ প্রয়োজন হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া নতুন নিয়োগ, এমপিওভুক্তি, পদোন্নতি, উচ্চতর স্কেল, বিএড স্কেল ও বকেয়া পাওনা পরিশোধের বিষয়টিও তুলে ধরে অধিদপ্তর। এ অবস্থায় ২০২৬-২৭ অর্থবছরে ‘বেসরকারি মাদ্রাসাসমূহের জন্য মঞ্জুরী’ খাতে অতিরিক্ত বরাদ্দ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি