প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:২৫ পিএম

সংগৃহীত ছবি
যুক্তরাজ্যের নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. মুহাম্মদ উসমান মাজহার এবং ড. বিলাল আকবর আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. নাসরিন আক্তার উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তাঁরা ব্রিটিশ কাউন্সিলের ‘ট্রান্সন্যাশনাল এডুকেশন প্রজেক্ট’-এর আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটির মধ্যে জলবায়ু বিষয়ক সচেতনতা (ক্লাইমেট লিটারেসি) ও টেকসই উন্নয়ন (সাসটেইনেবিলিটি) সংক্রান্ত চলমান যৌথ একাডেমিক ও প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
যুক্তরাজ্যের অধ্যাপকদ্বয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদানের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি, ব্যবসায় শিক্ষা বিষয়ে যৌথভাবে পাঠ্যক্রম প্রণয়ন ও উন্নয়নের ক্ষেত্রেও তাঁরা সহযোগিতার প্রস্তাব দেন। উচ্চশিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে তাঁরা এই প্রকল্পটিকে অন্যান্য বিভাগ ও অনুষদে সম্প্রসারণের ওপর জোর দেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিদের ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করে আসছে। উচ্চশিক্ষার মানোন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণের ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে ক্রমাগত উন্নতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে আরও বেশি যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে যুক্তরাজ্যের অধ্যাপকবৃন্দের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, আগামীকাল ১৭ নভেম্বর ২০২৬ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডব্লিউ. এ. জেনকিন্স ভার্চুয়াল ক্লাসরুমে ‘ব্যবসায় শিক্ষায় জলবায়ু বিষয়ক সাক্ষরতা’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করবে। যুক্তরাজ্যের নটিংহাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপক এই প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তৃতা দেবেন। বিজনেস স্টাডিজ অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।