প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:১১ AM

২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। নতুন নীতিমালা অনুযায়ী, মফস্বল এলাকায় সেশন চার্জসহ ভর্তি ফি সর্বোচ্চ ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, ঢাকা মহানগরীর কিছু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ইংরেজি সংস্করণে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ ১০ হাজার টাকা নেওয়া যাবে।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’-এ এ নির্দেশনা দেওয়া হয়। নীতিমালা অনুযায়ী, উপজেলা পর্যায়ের পৌর এলাকায় ভর্তি ফি সর্বোচ্চ এক হাজার টাকা, জেলা সদর পৌর এলাকায় দুই হাজার টাকা এবং ঢাকা ছাড়া অন্যান্য মহানগর এলাকায় তিন হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা মহানগরীর এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ফি সর্বোচ্চ পাঁচ হাজার টাকা। আংশিক এমপিওভুক্ত ও এমপিওবিহীন প্রতিষ্ঠানে উন্নয়ন এবং শিক্ষকদের বেতন-ভাতা বাবদ সর্বোচ্চ আট হাজার টাকা নেওয়া যাবে। এসব প্রতিষ্ঠানের ইংরেজি সংস্করণে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ ১০ হাজার টাকা নেওয়ার সুযোগ রয়েছে। তবে উন্নয়ন খাতে কোনো প্রতিষ্ঠান তিন হাজার টাকার বেশি আদায় করতে পারবে না।
নীতিমালায় আরও বলা হয়েছে, একই প্রতিষ্ঠানে এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে বার্ষিক সেশন চার্জ নেওয়া গেলেও পুনঃভর্তি ফি আদায় করা যাবে না। নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/এস পি