প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:৩৯ AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ২০২৫ ও ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। তবে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়ন এবং সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণরা ফল প্রকাশের পর সাত দিনের মধ্যে আবেদনের সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটের পরীক্ষা ১২ ফেব্রুয়ারি, ‘সি’ ইউনিটের ১৩ ফেব্রুয়ারি এবং ‘এ’ ইউনিটের পরীক্ষা ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা দুই শিফটে নেওয়া হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও বরিশালের আটটি আঞ্চলিক কেন্দ্রে। আবেদন করার সময় পরীক্ষার্থীদের পছন্দের অঞ্চল নির্বাচন করতে হবে, পরে তা পরিবর্তনের সুযোগ থাকবে না।
প্রতিটি ইউনিটে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে। প্রশ্ন থাকবে ৮০টি; ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর। পাস নম্বর ৪০। ‘এ’ ও ‘সি’ ইউনিটে আবেদন ফি ১ হাজার ৩২০ টাকা এবং ‘বি’ ইউনিটে ১ হাজার ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, হেডফোনসহ কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন করা যাবে না। আবেদন ও ভর্তি-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি