প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:৩২ AM

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন আকাশেই ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। রোববার (১৫ নভেম্বর) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, রিয়াদের দিকে আসা দুটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করেছে সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। এর আগে শনিবার রিয়াদ ও সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া দুটি ড্রোনও প্রতিহত করার কথা জানিয়েছিল জোটটি। সৌদি কর্তৃপক্ষের দাবি, গত ২৩ সেপ্টেম্বর থেকে হুথিদের হামলায় দেশটিতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন।
এদিকে ইয়েমেনের মারিব শহর লক্ষ্য করে ছোড়া কয়েকটি ড্রোন প্রতিহত করার কথাও জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন বাহিনী। ইয়েমেনের সরকারি বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি দাবি করেছেন, আল-জাওফ প্রদেশের কয়েকটি এলাকায় হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রগতি হয়েছে। তাঁর ভাষ্য, সৌদি সমর্থিত বাহিনীর ৭২৩টি অভিযানে হুথিদের ৩২১ জন নেতা নিহত বা আহত হয়েছেন এবং ১১৭টি সামরিক যান ধ্বংস হয়েছে।
অন্যদিকে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, গত ২৪ ঘণ্টায় সৌদি নেতৃত্বাধীন জোট তাদের নিয়ন্ত্রিত চারটি প্রদেশে ৭২টি বিমান হামলা চালিয়েছে। এ ছাড়া লাহিজ প্রদেশে সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনীকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কথাও জানিয়েছেন তিনি। হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের দাবি, সানার একটি আবাসিক এলাকায় গোলাবর্ষণে দুই নারী ও দুই শিশু আহত হয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, গত আগস্ট থেকে ইয়েমেনের সংঘাতে ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
স্বদেশ প্রতিদিন/এস পি