প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১০:৩২ AM

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে রাষ্ট্রদ্রোহের মামলায় নগরের সিএমপি অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের অভিযোগ, জাহাঙ্গীর আলম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। পাশাপাশি দলটির নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে পাঁচলাইশ থানায় তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম চৌধুরী। পরে পুলিশ ও স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) মো. আমিনুর রশিদ এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ডিআইজি জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে মামলা করা হয়। এর আগে ১০ নভেম্বর জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। তিনি ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা।
স্বদেশ প্রতিদিন/এস পি