প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১০:৫৮ AM

কিশোরকণ্ঠ ফাউন্ডেশন শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে ২৬১ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাছাইকৃত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
এর আগে জেলার সর্ববৃহৎ এ বৃত্তি পরীক্ষায় প্রায় ৬ হাজার ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাবৃত্তির জন্য ২৬১ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আবু নাছির মোঃ ত্বহা।
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন শরীয়তপুর জেলা শাখার জেলা চেয়ারম্যান মেহেদি হাসান নিরবের সভাপতিত্বে এবং ভাইস চেয়ারম্যান রাসেল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা শাখার পৃষ্ঠপোষক অধ্যক্ষ মুহাঃ আবদুর রব হাশেমী, মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মোশাররফ হোসেন মাসুদ, ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট দেওয়ান সিদ্দিকুর রহমান, প্যাসিফিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হোসেন, ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের সাবেক পরিচালক হোসাইন আহমাদ জুবায়ের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের জিএস আসিফ ইমাম।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের বৃত্তি কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
স্বদেশ প্রতিদিন/এস পি