
একসময় কুমিল্লা নগরীর সৌন্দর্য ও পরিবেশের অন্যতম প্রাণকেন্দ্র ছিল পুরাতন গোমতী নদী। নগরীর কাপ্তান বাজার থেকে শুভপুর পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ এই নদী এখন দখল দূষণ ও অব্যবস্থাপনায় অস্তিত্ব হারাতে বসেছে। কোথাও নদীর বুক দখল করে গড়ে উঠেছে বহুতল ভবন, দোকানপাট ও বসতবাড়ি। কোথাও আবার ময়লা-আবর্জনা, পয়োবর্জ্য ও কচুরিপানায় ভরাট হয়ে গেছে নদীর প্রবাহ।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী দখলদারদের কারণে দিন দিন সংকুচিত হচ্ছে নদীর জায়গা। একসময় যে নদীতে বর্ষায় পানির প্রবল স্রোত বইত, সেখানে এখন অনেক জায়গায় পানি প্রবাহ নেই বললেই চলে। কালো ও দুর্গন্ধযুক্ত পানির কারণে নদীর দুই পাড়ের বাসিন্দারা পড়েছেন স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকিতে।
ষাটের দশকে কুমিল্লা শহরকে বন্যার ঝুঁকি থেকে রক্ষার জন্য গোমতী নদীর গতিপথ পরিবর্তন করা হয়। এরপর কাপ্তানবাজার থেকে শুভপুর পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার অংশ পুরাতন বা মরা গোমতী নামে পরিচিতি পায়। নদীর দুই পাড়ের যোগাযোগের জন্য বিভিন্ন স্থানে পাঁচটি বাঁধ নির্মাণ করা হয়। সময়ের ব্যবধানে এসব বাঁধ ও নদীর দুই পাশে গড়ে ওঠে ঘনবসতি।
অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, ২০০৩ সাল থেকে পুরাতন গোমতী নদীর দুই পাড়ে অবৈধ দখলদারদের তালিকা করা হচ্ছে। ২০২৪ সালের একটি প্রতিবেদনে আদর্শ সদর উপজেলা ভূমি অফিসের সূত্র উল্লেখ করে বলা হয়, এ পর্যন্ত ৭৭২ জন অবৈধ দখলদারের তালিকা করা হয়েছে। ২০১৫ সালে নদীর অবৈধ দখলে থাকা ২৫৮ দশমিক ০২ একর জমি উদ্ধারের লক্ষ্যে প্রশাসনের কাছে তথ্য দেওয়া হয়েছিল।
কিন্তু একাধিকবার নোটিশ দেওয়া হলেও কার্যকর উচ্ছেদ কার্যক্রম নিয়ে প্রশ্ন রয়ে গেছে। নদীতে শহরের ড্রেনের ময়লা, পয়োবর্জ্য, প্লাস্টিক কচুরিপানা ও বিভিন্ন ধরনের বর্জ্য ফেলা হচ্ছে। কোথাও কোথাও নদীর সঙ্গে যুক্ত হয়েছে পয়োনিষ্কাশনের লাইন। ফলে পানি কালো হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লা শাখার নেতারা দীর্ঘদিন ধরে নদীটি দখলমুক্ত ও দূষণমুক্ত করার দাবি জানিয়ে আসছেন। তাঁদের মতে, নদীর জায়গা উদ্ধার করে পরিকল্পিতভাবে সংরক্ষণ করা গেলে এটি কুমিল্লা নগরীর পরিবেশ রক্ষার পাশাপাশি বিনোদন ও পর্যটনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে।
এদিকে পুরাতন গোমতী নদীকে ঘিরে উন্নয়ন পরিকল্পনার কথাও জানিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন। ২০২৫ সালের ২৭ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, নদীর সৌন্দর্যবর্ধন ও উন্নয়নে প্রায় ২২০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়েছে সিটি করপোরেশন। হাতিরঝিলের আদলে নদীর দুই পাড় সাজানোর পরিকল্পনার কথাও উঠে আসে প্রতিবেদনে। তবে প্রকল্প বাস্তবায়নের অন্যতম বড় বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে অবৈধ দখলমুক্তকরণকে।
সচেতন নগরবাসীর প্রশ্ন, ছয় কিলোমিটার দীর্ঘ একটি ঐতিহ্যবাহী নদী কেন আজ ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হবে যাদের বিরুদ্ধে নদী দখলের অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে কবে
পরিবেশবিদ ও নগর পরিকল্পনাবিদদের মতে, প্রথমে নদীর সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ,পয়োবর্জ্যের সংযোগ বিচ্ছিন্ন এবং নিয়মিত বর্জ্য অপসারণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনতে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন জরুরি।
নগরবাসীর দাবি, কুমিল্লার ঐতিহ্যবাহী পুরাতন গোমতী নদীকে আর অবহেলায় হারিয়ে যেতে দেওয়া যাবে না। এখনই কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে নদীটি শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ হয়ে থাকবে।
স্বদেশ প্রতিদিন/এস পি