প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২:৪৮ পিএম

বাংলাদেশের বস্ত্র ও পোশাকশিল্পের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পরিবেশগত বাধ্যবাধকতা ও শিল্পের উদ্ভাবনী ব্যবস্থাপনার সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছেন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) টেক্সটাইল ইনোভেশন এক্সপো ২০২৬-এর অংশ হিসেবে আয়োজিত এক সেমিনারে তাঁরা এ মত দেন।
‘টেকনিক্যাল সেমিনার অন অ্যাডভান্সিং ইনোভেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি ম্যানেজমেন্ট’ শীর্ষক সেমিনারে পোশাক ও বস্ত্র খাতের বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও টেকসই উন্নয়নবিষয়ক প্রতিনিধিরা অংশ নেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উর্মি গ্রুপের সাসটেইনেবিলিটি লিড এ বি এম ফখরুল আলম এবং জেডডিএইচসি ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার এস এম রায়হান হোসেন। আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের পরিবেশবিষয়ক বিধিবিধান, ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট, সম্পদের কার্যকর ব্যবহার ও রাসায়নিক ব্যবস্থাপনার বিষয় উঠে আসে।
বক্তারা জানান, বৈশ্বিক ফ্যাশনশিল্প বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণের প্রায় ৮ শতাংশ এবং বর্জ্যপানির ২০ শতাংশের জন্য দায়ী। বাংলাদেশে ২৯০টির বেশি লিড-সার্টিফায়েড গ্রিন ফ্যাক্টরি থাকলেও বস্ত্রশিল্পের ওয়েট প্রসেসিংয়ে বছরে প্রায় ১ হাজার ৫০০ বিলিয়ন লিটার পানি ব্যবহৃত হয় বলে তাঁরা উল্লেখ করেন। দীর্ঘমেয়াদি প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে পানি ও অন্যান্য সম্পদের সাশ্রয়ী ব্যবহার এবং রাসায়নিক ব্যবস্থাপনায় উন্নতির ওপর জোর দেন তাঁরা।
স্বদেশ প্রতিদিন/এস পি