প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:৩৩ AM

বৈদেশিক মুদ্রাবাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। জ্বালানি ও শিল্পের কাঁচামাল আমদানির দায় পরিশোধে ডলারের চাহিদা বাড়ার পাশাপাশি নগদ ডলারের সীমিত সরবরাহ এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধিতে এ চাপ তৈরি হয়েছে। ব্যাংকিং চ্যানেলে ডলারের দাম ১২৫ টাকার কাছাকাছি থাকলেও খোলাবাজারে তা বিক্রি হচ্ছে ১২৭ টাকা ৫০ পয়সা থেকে ১২৯ টাকা পর্যন্ত। ব্যাংক ও খোলাবাজারের দরে ৩ থেকে ৪ টাকার বেশি ব্যবধান তৈরি হওয়ায় আমদানি ব্যয় বাড়ার পাশাপাশি ভোগ্যপণ্যের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে জ্বালানি পণ্য আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ দশমিক ৫০ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। একই সময়ে সামগ্রিক পণ্য আমদানিতে ব্যয় হয়েছে ১২ দশমিক ২০ বিলিয়ন ডলার, যা বেড়েছে প্রায় ১২ শতাংশ। অন্যদিকে, ১১ নভেম্বর আন্তঃব্যাংক বাজারে ডলারের ভারিত গড় বিনিময় হার ছিল ১২৪ টাকা ৩৫ পয়সা। ১০ নভেম্বর দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৯৯ বিলিয়ন ডলার; আইএমএফের বিপিএম৬ পদ্ধতিতে তা ৩০ দশমিক ১২ বিলিয়ন ডলার।
খোলাবাজারে বেশি দামে ডলার বিক্রি ঠেকাতে সদস্য প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। নির্দেশনা অমান্য করে বেশি দামে ডলার বিক্রি করলে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে এরপরও নির্ধারিত দরের বাইরে ডলার বিক্রির খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেছেন, রেমিট্যান্স প্রবাহ স্থিতিশীল এবং রপ্তানি আয় ৬ শতাংশ বেড়েছে। তবে জ্বালানি কেনায় সরকারের বিপুল ভর্তুকির কারণে বৈদেশিক মুদ্রার ওপর চাপ তৈরি হয়েছে। তাঁর ভাষায়, 'এটা সাময়িক চাপ।' ব্যাংকগুলোর প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক বাজারে ভূমিকা রাখবে বলেও জানান তিনি।
স্বদেশ প্রতিদিন/এস পি