
সংগৃহীত ছবি
ফ্রান্স জাতীয় দলের কোচ জিনেদিন জিদান ও তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ইতালির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনে অনুপস্থিতি এবং দলীয় পরিকল্পনায় নিজের ভূমিকা নিয়ে অসন্তোষ; সব মিলিয়ে ফ্রান্সের ড্রেসিংরুমে অস্বস্তিকর পরিস্থিতির খবর সামনে এসেছে।
ফরাসি সংবাদমাধ্যমের দাবি, দলের অধিনায়ক এমবাপ্পের সঙ্গে কোচ জিদানের সম্পর্কের টানাপোড়েন চলছে। মূলত মাঠে এমবাপ্পের পজিশন, আক্রমণভাগে তার ভূমিকা এবং দলের কৌশল নিয়ে মতবিরোধ থেকেই এই পরিস্থিতির সৃষ্টি।
বিতর্কের সূত্রপাত জিদানের অধীনে প্রথম জাতীয় দলের ক্যাম্প থেকেই। ওই ক্যাম্পে এমবাপ্পেকে বাঁ প্রান্তে খেলানোর সিদ্ধান্ত নেন জিদান। অন্যদিকে, ওসমান দেম্বেলেকে খেলানো হয় আক্রমণভাগের মাঝের পজিশনে। বিষয়টি ভালোভাবে নেননি অনেকেই। কারণ, সাম্প্রতিক সময়ে এমবাপ্পে নিজেকে মূল স্ট্রাইকার হিসেবেই খেলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন।
এদিকে ইতালি ও তুরস্কের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি নেশনস লিগের ম্যাচে এমবাপ্পেকে নিয়ে পরিকল্পনা করেছিলেন জিদান। কিন্তু হ্যামস্ট্রিংয়ের পেশিতে চোটের কারণে ইতালির বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে যান ফরাসি অধিনায়ক। তুরস্কের বিপক্ষে পরবর্তী ম্যাচে তার খেলার সম্ভাবনা অবশ্য এখনো রয়েছে।
জিদান ও এমবাপ্পের সম্পর্কের টানাপোড়েন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ফরাসি টেলিভিশন উপস্থাপক ও পিএসজি সমর্থক সিরিল হানৌনার মন্তব্যে। ডব্লিউ৯ চ্যানেলের অনুষ্ঠান 'তো বো, তো ন্যুফ'-এ হানৌনা দাবি করেন, শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত না থাকায় এমবাপ্পে ইতালির বিপক্ষে খেলতে আগ্রহী ছিলেন না।
তিনি বলেন, ‘আমার কাছে নির্ভরযোগ্য তথ্য রয়েছে। একের পর এক চোটের কারণে এমবাপ্পে এখন সেরা অবস্থায় নেই। নেশনস লিগের ম্যাচ হওয়ায় ইতালির বিপক্ষে খেলাটিকে তিনি খুব একটা গুরুত্ব দিচ্ছেন না।’ হানৌনার দাবি, নিজের শারীরিক অবস্থা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছিলেন এমবাপ্পে। বিষয়টি ভালোভাবে নেননি জিদান।
তিনি আরও বলেন, ‘এত চোট এবং শারীরিক প্রস্তুতির ঘাটতির কারণে এমবাপ্পে খেলতে চাইছিলেন না। এমন পরিস্থিতিতে জিদান তাকে জানিয়ে দেন, তাহলে এই ম্যাচে তার খেলার প্রয়োজন নেই।’
হানৌনার ভাষ্য অনুযায়ী, এমবাপ্পের আচরণে তারকা ফুটবলারের ঔদ্ধত্যের ছাপ ছিল। এ কারণে জিদানও কঠোর অবস্থান নেন। ফরাসি এই উপস্থাপকের দাবি, সাবেক কোচ দিদিয়ের দেশম এমবাপ্পের কিছু আচরণ উপেক্ষা করলেও জিদান সেসব বরদাশত করতে রাজি নন।
হানৌনা বলেন, ‘দেশমের সঙ্গে এমবাপ্পের কিছু মতবিরোধ ছিল। কিন্তু তিনি সেগুলো অনেক সময় এড়িয়ে গেছেন। জিদান এমন নন। এমবাপ্পে সতীর্থদের সঙ্গেও ভালোভাবে মিশতে পারছেন না, জিদানের সঙ্গেও তার সম্পর্ক ভালো নয়। জাতীয় দলের পরিবেশ এখন বেশ উত্তপ্ত।’
তবে এসব দাবি এখনো সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। মাঠের বাইরের বিতর্কের মধ্যেই ইতালির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে মিলানে যাচ্ছে ফ্রান্স। বৃহস্পতিবারের (১২ নভেম্বর) এই লড়াই শুধু নেশনস লিগের গ্রুপসেরা হওয়ার প্রতিযোগিতা নয়, বরং কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করারও সুযোগ।
চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। ইতালির সংগ্রহ ৭ পয়েন্ট এবং বেলজিয়ামের ৬। অন্যদিকে, এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি তুরস্ক।প্রথম লেগে ফ্রান্স ও ইতালির ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। সেই ম্যাচে লুকাস দা কুনহার ভুলে সমতায় ফিরেছিল ইতালি।
তবে এবার সমীকরণটা ফ্রান্সের জন্য বেশ সহজ। ইতালির বিপক্ষে অন্তত একটি পয়েন্ট পেলেই নিশ্চিত হবে তাদের শীর্ষ দুইয়ে থাকা এবং নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা।
ফরাসি সংবাদমাধ্যম আরএমসি জানিয়েছে, ইতালির বিপক্ষে ড্র করলেই শেষ ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে না ফ্রান্সকে। অন্যদিকে, গ্রুপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল স্পটের জন্য লড়াইয়ে রয়েছে ইতালি ও বেলজিয়াম। আগামী রোববার ব্রাসেলসে মুখোমুখি হবে এই দুই দল।