প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৫:০১ পিএম

নাটোরের গুরুদাসপুরে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের হার বেড়ে প্রায় ৮২ শতাংশে দাঁড়িয়েছে। এ ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ পুরুষদের তুলনায় অনেক বেশি। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাসিক অগ্রগতি প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট জনসংখ্যা ২ লাখ ৩৪ হাজার ৩৪২ জন। এখানে সক্ষম দম্পতির সংখ্যা ৫৪ হাজার ৫৭২। তাঁদের মধ্যে ৩৭ হাজার ১৮৯ দম্পতি অস্থায়ী এবং ৭ হাজার ৩৩৮ দম্পতি স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করেছেন। স্থায়ী পদ্ধতি গ্রহণকারীদের মধ্যে নারী ৬ হাজার ৫৯০ জন এবং পুরুষ ৭৪৮ জন। সরকারি ব্যবস্থাপনায় স্থায়ী ও অস্থায়ী পদ্ধতি গ্রহণকারী দম্পতির সংখ্যা ৪৪ হাজার ৫২৭।

অস্থায়ী পদ্ধতি গ্রহণকারীদের মধ্যে ২৩ হাজার ২৬৪ জন খাবার বড়ি, ৪ হাজার ৭৫৮ জন কনডম, ৬ হাজার ২১ জন ইনজেকটেবল, ৩৭৩ জন আইইউডি এবং ২ হাজার ৭৭৪ জন ইমপ্লান্ট ব্যবহার করছেন। ইউনিয়নভিত্তিক হিসাবে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের হার সবচেয়ে বেশি মশিন্দা ইউনিয়নে ৮৩ দশমিক ৩৯ শতাংশ। সবচেয়ে কম খুবজীপুর ইউনিয়নে ৭৮ দশমিক ৬১ শতাংশ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম আলমাস জানান, সক্ষম দম্পতিদের একটি অংশের কাছে আগে বেসরকারি সংস্থার মাধ্যমে সেবা পৌঁছালেও প্রকল্প বন্ধ হওয়ায় কিছু এলাকায় কার্যক্রমে শূন্যতা তৈরি হয়েছে। সেখানে সরকারি জনবল দিয়ে পর্যায়ক্রমে সেবা সম্প্রসারণ করা হচ্ছে। এ ছাড়া গর্ভবতী ও সন্তান জন্মদানের কারণে কিছু দম্পতি এবং প্রাকৃতিক, হোমিও ও ভেষজ পদ্ধতি গ্রহণকারীরা সরকারি হিসাবের বাইরে রয়েছেন। পরিবার পরিকল্পনা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা তৈরি ও বিনামূল্যে বিভিন্ন পদ্ধতির সেবা দেওয়ায় গ্রহণের হার বাড়ছে।