বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মেটার অবকাঠামো বিভাগের প্রধানের পদ ছাড়ছেন সন্তোষ      ● সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে : রিজভী      ● চকরিয়ায় মহাসড়কে আরও দুই প্রাণহানি, চার দিনে নিহত ৫      ● ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা চলছে, সম্ভাব্য স্থান ত্রিশাল : বিমানমন্ত্রী      ● রমজান ঘিরে টিসিবির ‘বিশাল’ পরিকল্পনা, উপকারভোগী হবে ৪০ লাখ      ● মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসা      ● রাজাপুরে সরকারের অগ্রাধিকার কর্মসূচি নিয়ে তথ্য অফিসের ফ্যামিলি সমাবেশ      ● গুরুদাসপুরে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণে আগ্রহ বাড়ছে      ● রাঙ্গাবালীতে তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক      ● দিনাজপুরের বোঁচাগঞ্জে জনসম্পৃক্ততা বাড়াতে ১০ ফেডারেশনের সমন্বয় সভা      ● মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী আজ      ● হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু      
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে : রিজভী
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৫:৪৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) প্রাঙ্গণে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যে কাজের পেছনে জনসমর্থন থাকে না, তা কখনোই টিকতে পারে না। পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা চালানো হলেও জনগণ তা প্রতিরোধ করবে।

বিগত সরকারের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, দেশে অর্থ পাচার ও নানা মাধ্যমে দেশবিরোধী অপতৎপরতা চালানোর চেষ্টা চলছে। এমনকি সাম্প্রতিক আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেত্রীদের বাড়িতে হামলার মতো ঘটনাও ঘটানো হয়েছে। তবে এ ধরনের কৃত্রিম অস্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হবে না।

৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যখন জনগণের পিঠ দেওয়ালে ঠেকে যায় এবং কিছুই করার থাকে না, তখনই বিপ্লব অনিবার্য হয়ে ওঠে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় চেতনা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার আকাঙ্ক্ষা থেকেই সাধারণ সিপাহী ও জনতা রাজপথে নেমে এসেছিল। সেই বিপ্লবের মধ্য দিয়েই বহুদলীয় গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা ফিরে এসেছিল। একই চেতনার ধারাবাহিকতায় ১৯৯০ এবং সর্বশেষ ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে মানুষ ফ্যাসিবাদ ও দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বলে তিনি উল্লেখ করেন।

স্বাধীনতা-পরবর্তী সময় এবং বিগত দেড় দশকের শাসনামলের তুলনা করে রুহুল কবির রিজভী বলেন, অতীতে একদলীয় শাসন, গুম, খুন ও মতপ্রকাশের স্বাধীনতা হরণের মাধ্যমে দেশে এক বিভীষিকাময় পরিবেশ তৈরি করা হয়েছিল। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনামূলক পোস্টে ‘লাইক’ দেওয়ার কারণেও সাধারণ মানুষ ও নারীদের গ্রেপ্তার করা হয়েছে। দেশে আর যেন সেই ভয়ের সংস্কৃতি ফিরে না আসে, সে জন্য একটি স্থায়ী ও ভয়হীন গণতান্ত্রিক পরিবেশ নির্মাণের আহ্বান জানান তিনি।

বিগত আমলের শিক্ষাব্যবস্থা ও বুদ্ধিজীবী সমাজের ভূমিকারও কঠোর সমালোচনা করে রিজভী ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেন, বিগত আমলে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পর্যন্ত অর্থের বিনিময়ে হয়েছে। এ ছাড়া পাঠ্যপুস্তকে মনগড়া ইতিহাস যুক্ত করে শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল।

ইতিহাসের বিভিন্ন উদাহরণ টেনে রুহুল কবির রিজভী বলেন, জার্মানিতে হিটলারের শাসনামলে যেমন অনেক প্রখ্যাত দার্শনিক ও সাহিত্যিক ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছিলেন, বাংলাদেশেও তেমনি অনেক পরিচিত বুদ্ধিজীবী বিগত স্বৈরাচারী সরকারের পক্ষে কাজ করেছেন।

স্বাধীনতার পর প্রখ্যাত লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমরকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় ফিরতে না দেওয়ার ঘটনার উল্লেখ করে তিনি বলেন, প্রকৃত শিক্ষা কেবল সার্টিফিকেট অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং বিবেক, মনুষ্যত্ব ও দুঃসময়ে সত্যের পক্ষে দাঁড়ানোর মধ্যেই শিক্ষার সার্থকতা নিহিত।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন প্রখ্যাত অর্থনীতিবিদ ও জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। তার রাজনৈতিক ও সংগ্রামী জীবনের স্মৃতিচারণা করে রুহুল কবির রিজভী বলেন, ১৯৬৯-৭০ সালে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার আগেই ড. মাহবুব উল্লাহর তৎকালীন ছাত্রসংগঠন সাহসিকতার সঙ্গে স্বাধীনতার প্রস্তাব গ্রহণ করেছিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম এ কাশেম ও বেনজীর আহমেদ। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ আহমেদ। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close