প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৫:১০ পিএম

ঝালকাঠির রাজাপুরে সরকারের নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি ও প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার আউখিড়া এলাকার সপ্তগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে গণযোগাযোগ অধিদপ্তরের প্রচার কার্যক্রমের আওতায় ঝালকাঠি জেলা তথ্য অফিসের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনসাধারণের উদ্দেশে সরকারের বিভিন্ন অগ্রাধিকার কর্মসূচি ও জনসচেতনতামূলক বিষয় তুলে ধরেন। এর মধ্যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচি এবং নারীর জন্য গাড়ির ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, মোবাইল ফোনে আসক্তি কমানো, ইভটিজিং প্রতিরোধ ও ডেঙ্গু থেকে সুরক্ষায় করণীয় বিষয়ে সচেতন করেন। এসব বিষয়ে নিজ নিজ পরিবার ও সমাজে সচেতনতা তৈরিতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আক্তার, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ওমর ফারুক সুমন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নেয়ামত উল্লাহ ও সেতু রানী ববিসহ অন্যান্য শিক্ষক অভিভাবক এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এস পি